
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার যে অনুরোধ পাঠিয়েছে, তা বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে ভারত। শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্রিফিংকালে এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, শেখ হাসিনা ও অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি না এবং ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার ঘোষণার প্রেক্ষাপটে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না। এর জবাবে রণধীর জয়সওয়াল ভারতের আগের অবস্থানের পুনরাবৃত্তি করে বলেন, বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যর্পণের একটি অনুরোধ পাওয়া গেছে এবং তা ভারতের অভ্যন্তরীণ ও বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে যাচাই-বাছাই করা হচ্ছে।
মুখপাত্র আরও বলেন, যেকোনো দেশের ক্ষেত্রে প্রত্যর্পণের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তাই ভারতের প্রচলিত আইন ও দ্বিপক্ষীয় চুক্তির বাধ্যবাধকতা খতিয়ে দেখেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শেখ হাসিনাকে কবে নাগাদ ফেরত দেওয়া হতে পারে বা এ বিষয়ে ভারতের চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বা মন্তব্য করতে রাজি হননি মুখপাত্র।
একই ব্রিফিংয়ে অন্য এক সাংবাদিক বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দাবির বিষয়ে জানতে চান। সেখানে উল্লেখ করা হয়, নির্বাচনের আগে এক রাজনীতিবিদ হত্যার ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে হেফাজতে রেখেছে এবং তাকে ফেরত চেয়ে প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়েছে। তবে প্রশ্নকারী সাংবাদিক অভিযুক্ত বা ভুক্তভোগী কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি। এই বিষয়ে রণধীর জয়সওয়াল জানান, তার কাছে এ সংক্রান্ত কোনো তথ্য নেই। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, অভিযুক্ত ব্যক্তি যে-ই হোন না কেন, প্রত্যর্পণের যেকোনো অনুরোধ ভারতের বিচারপ্রক্রিয়া ও আন্তর্জাতিক আইন মেনেই নিষ্পত্তি করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২