
দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বর নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১২ জন রোগী। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬৮ জনে, আর মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ছাড়িয়ে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এসব রোগী। নতুন আক্রান্তদের মিলিয়ে চলতি বছরে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৫০২ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ১ হাজার ৪৫৫ জন হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে এ পর্যন্ত মোট ১ লাখ ১২ হাজার ১১১ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যেখানে ৫০৭ জন নতুন রোগী হাসপাতালে এসেছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৯৪ জন, বরিশালে ২৩১ জন, খুলনায় ২০৬ জন এবং রাজশাহী বিভাগে ১৬২ জন ভর্তি হয়েছেন। একই সময়ে ময়মনসিংহ বিভাগে ৬০ জন, রংপুরে ৪৪ জন এবং সিলেট বিভাগে আটজন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের অক্টোবরের প্রথম ২১ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২৪ জনের প্রাণহানি ঘটেছে। এর আগে সেপ্টেম্বরে বছরের সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু রেকর্ড করা হয়। এ ছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২