
রংপুরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই নারীর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নতুন করে আরও ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রমেক হাসপাতালের আইসিইউ বিভাগের সহকারী অধ্যাপক তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে প্রাণ হারানো দুই নারীর একজন হলেন মিনারা বেগম (৪০)। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। গত ৮ সেপ্টেম্বর ঢাকা থেকে এসে তিনি রমেক হাসপাতালে ভর্তি হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৯টার দিকে তিনি মারা যান।
মারা যাওয়া অন্যজন হলেন মিঠাপুকুর উপজেলার বাসিন্দা জান্নাতি খাতুন। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথমে রমেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে তাকে বেসরকারি প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়।
এদিকে রমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে এই হাসপাতালে সর্বমোট ৪৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২