
দুর্গাপূজার বিজয়া দশমীতে শারদীয় উৎসবের আমেজে মেতে উঠেছেন বিশিষ্ট অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। দেবী দুর্গার বিদায় বেলায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উপস্থিত হয়ে বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন তিনি। ঢাকের শব্দ, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত পূজামণ্ডপে ভক্তদের সঙ্গে এই আনন্দের অংশীদার হন শাওন।
উৎসবের আবহ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে শাওন উপস্থিত হওয়ার কারণ জানিয়ে বলেন, ‘আমরা বন্ধু, ঈদের দিন ওরা বাসায় আসে। আমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। তাই তাদের সঙ্গে আনন্দ ভাগ করতে এসেছি।’ সিঁদুর খেলার এই বিশেষ আয়োজনে অংশগ্রহণকারীরা একে অপরের কপালে আবির ও সিঁদুর ছড়িয়ে উৎসবের খুশি ভাগ করে নেন। আনন্দের এই পরিবেশের মাঝে দেবী দুর্গার বিসর্জনের বিষাদময় সুরও ছুঁয়ে যায় উপস্থিত ভক্তদের।
এর আগে বুধবার সকালে দশমী বিহিত পূজা এবং দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে বিজয়া দশমীর যাবতীয় আনুষ্ঠানিকতা সূচিত হয়। ধর্মীয় বিধি মেনে দর্পণ বিসর্জনের পর ভক্তরা দেবী দুর্গাকে সিঁদুর পরিয়ে বরণ করে নেন এবং সিঁদুর খেলায় মেতে ওঠেন। পুরো ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণেই বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ।
শারদীয় দুর্গোৎসবের শেষ ক্ষণে বিকেলে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এবারের পূজা আয়োজনের ইতি ঘটছে। নিয়ম অনুযায়ী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে ঐতিহ্যবাহী বিজয়া শোভাযাত্রা বের হয়ে ঢাকার বিভিন্ন মণ্ডপের শোভাযাত্রার সঙ্গে একীভূত হবে। এরপর রাজধানীর নির্ধারিত ১১টি ঘাটে দেবীর বিসর্জন সম্পন্ন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২