
সম্পর্কের নামে চাওয়া-পাওয়ার হিসাবের ভিড়ে দুজন মানুষ কি একে অপরের আশ্রয় বা আস্থার জায়গা হয়ে উঠতে পারছেন? এমন সব প্রশ্ন আর পরিণত মানুষের সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে মঞ্চে এল হান্ট থিয়েটারের নতুন নাটক 'তবুও প্রেম আসে'। গত বুধবার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
নাটকটির গল্প ও নির্দেশনায় রয়েছেন ডায়না ম্যারেলিন এবং নাট্যরূপ দিয়েছেন শাফী বিন কবির। নাটকটি সম্পর্কে নির্দেশক ডায়না ম্যারেলিন বলেন, 'আমরা একটা প্রেমের গল্প বলতে চেয়েছিলাম। কিন্তু প্রেমের গল্প বলতে গিয়ে দেখি, প্রেমের নামে এখন সবই হচ্ছে, শুধু প্রেমই হচ্ছে না! দুজন পরিণত মানুষ একজন আরেকজনের আরাম হবে, বিশ্রামের জায়গা হবে, আস্থার ঠিকানা হবে। একজন আরেকজনকে নিরাময় করতে তার ক্ষতে প্রলেপ দেবে। এই সহজ সত্য দূরে সরিয়ে আমরা চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে ব্যস্ত হয়ে আছি।'
নির্দেশক প্রেমকে জীবনের স্বাভাবিক অনুষঙ্গ বা লাইফস্টাইল হিসেবেই তুলে ধরতে চেয়েছেন। তাঁর মতে, নিত্যদিনের ব্যস্ততায় একটুকরা খোলা আকাশ বা বিশ্বস্ততার সিলমোহরই হলো প্রেম। সম্পর্ক ক্ষণস্থায়ী হোক বা দীর্ঘস্থায়ী, মুখোমুখি হোক বা দূরত্বের—সম্পর্কে সততা বজায় রাখা জরুরি।
নাটকটিতে অভিনয় করেছেন সারাহ জেবীন, সুপ্তি দাস, ডায়না ম্যারেলিন, নিয়ন আহসান, সাইম বিন মুজিব ও জেরম প্রজ্ঞা। গানে কণ্ঠ দিয়েছেন সুমেল চৌধুরী, সাজ্জাদ কবির ও রেশমী চাকমা। উল্লেখ্য, হান্ট থিয়েটার এর আগে গত এপ্রিলে 'ক্যাফে দ্য ভলতে' মঞ্চে এনেছিল, যা ঢাকার মঞ্চপাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছিল। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবার তারা নতুন এই নাটক নিয়ে এল।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২