
গান গেয়েই শোবিজে ক্যারিয়ার শুরু করেছিলেন কুসুম শিকদার। মাঝে অভিনয়েই বেশি ব্যস্ত থাকলেও দীর্ঘ বিরতির পর আবারও নতুন গান নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। আজ শুক্রবার তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘কুসুম শিকদার’-এ মুক্তি পাচ্ছে নতুন মৌলিক গান ‘প্রবল ঘোর’। গানটির কথা লিখেছেন কুসুম নিজেই, আর সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ সানি।
কুসুম শিকদার জানান, গানটি তাঁর অত্যন্ত পছন্দের একটি সৃষ্টি। করোনাভাইরাস মহামারির শুরুর দিকে এটি লিখেছিলেন তিনি। পরে রেকর্ডিং সম্পন্ন হলেও পরিস্থিতির কারণে মিউজিক ভিডিওর শুটিং করতে না পারায় গানটি এত দিন প্রকাশ করা সম্ভব হয়নি। অবশেষে গত জুনে কক্সবাজারের মনোরম লোকেশনে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। এতে তাঁর সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন শাহ রাসেল।
দীর্ঘদিন পর মৌলিক গান প্রকাশ প্রসঙ্গে এই তারকা বলেন, ‘মাঝখানে চলচ্চিত্র পরিচালনা নিয়ে ব্যস্ত থাকায় বড় একটা সময় চলে গেছে। সে কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও গানটির কাজ শেষ করতে পারিনি। দর্শকেরা প্রায়ই জানতে চান নতুন গান কবে আসবে। বিশেষ করে আমার শুরুর দিকের “নেশা” গানটির কথা এখনো অনেকে মনে রেখেছেন। তাই মনে হলো, নিয়মিত না হলেও মাঝেমধ্যে মৌলিক গান প্রকাশ করা উচিত।’
গান নাকি অভিনয়—কোন পরিচয়টি নিজের বেশি পছন্দের, এমন প্রশ্নের জবাবে কুসুম শিকদার সোজাসুজি বলেন, ‘গান আমার প্রেম, অভিনয় আমার পেশা। শখ বা ভালোবাসার জায়গা থেকে গান করি, কিন্তু গান আমার পেশা নয়। অন্যদিকে অভিনয়টাই আমার সব। ক্যারিয়ারের শুরু থেকেই আমি অভিনয় করতে চেয়েছি এবং ২০০২ সাল থেকে একেই পেশা হিসেবে বেছে নিয়েছে। এই পেশা নিয়েই আমি গর্বিত।’
এদিকে পরিচালনার ক্ষেত্রেও নিজের অবস্থান পোক্ত করছেন কুসুম। তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘শরতের জবা’ মুক্তির দুই বছর পর এবার নিজের দ্বিতীয় সিনেমার প্রস্তুতি নিচ্ছেন তিনি। নতুন এই সিনেমার নাম এখনো চূড়ান্ত না হলেও গল্প গোছানো শেষ হয়েছে এবং বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে। নিজের প্রযোজনাতেই স্বাধীনভাবে সিনেমাটি পরিচালনা করবেন তিনি। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতে সিনেমাটির শুটিং শুরু করতে চান কুসুম শিকদার।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২