
‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’— এই স্লোগানকে সামনে রেখে ২৭ বছর পূর্ণ করে ২৮ বছরে পা রাখছে চ্যানেল আই। ১৯৯৯ সালের পহেলা অক্টোবর বাংলাদেশের প্রথম ডিজিটাল টেলিভিশন হিসেবে যাত্রা শুরু করে চ্যানেল আই। ১৯৬৪ সালে ঢাকায় বিটিভি’র হাত ধরে টেলিভিশনের যাত্রা শুরু হলেও, যখন দেশের টেলিভিশনের ইতিহাস পঁয়ত্রিশ বছরের, তখন ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে পথচলা শুরু হয় চ্যানেল আইয়ের। ‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগানে লাল-সবুজের লোগো নিয়ে তারা তাদের দীর্ঘ এই পথচলায় টেলিভিশন অনুষ্ঠানে নান্দনিক পরিবর্তনের পাশাপাশি অসংখ্য আইকনিক অনুষ্ঠানের জন্ম দিয়েছে। এসবের মধ্যে রয়েছে ‘মুক্তিযুদ্ধ প্রতিদিন’, ‘হৃদয়ে মাটি ও মানুষ’, ‘তৃতীয় মাত্রা’, ‘প্রকৃতি ও জীবন’, ‘গানে গানে সকাল শুরু’, ‘খুদে গানরাজ’, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’, ‘আই স্পোর্টস’ এবং ‘কৃষকের ঈদ-আনন্দ’।
জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের পর্দা ও প্রাঙ্গণজুড়ে থাকছে বর্ণাঢ্য আয়োজন। ৩০শে সেপ্টেম্বর বিকাল ৪টা ৩০ মিনিটে ইফাতারা ইরার উপস্থাপনায় ও স্বপ্না রেজার পরিচালনায় প্রচার হবে ‘মনিবিস্কুট-চ্যানেল আই পুষ্টি আড্ডা’। বিকাল ৫টা ৩০ মিনিটে পুনম প্রিয়ামের পরিচালনায় ও ফেরদৌস ওয়াহিদ অভিনীত বিশেষ পর্ব ‘ডিজিটাল নবাব’ এবং ৫টা ৫৫ মিনিটে কেকা ফেরদৌসীর উপস্থাপনায় ‘ভিম দেশ-বিদেশে রান্না’র বিশেষ পর্ব প্রচার হবে।
১লা অক্টোবর রাত ১টায় এবং সকাল ৯টা ৪৫ মিনিটে জিল্লুর রহমানের উপস্থাপনায় প্রচার হবে ‘তৃতীয় মাত্রা’। সকাল ৭টা ৪০ মিনিটে প্রচার হবে ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব এবং সকাল ৯টা ৩০ মিনিটে রয়েছে ‘সংবাদপত্রে বাংলাদেশ’। এছাড়া সকাল ১১টা ০৫ মিনিট থেকে চ্যানেল আই চেতনা চত্বরে দিনব্যাপী উৎসবের নানা আয়োজন সরাসরি সম্প্রচার করা হবে। দুপুর ১২টা ৩০ মিনিটে থাকছে ‘তারকা কথন’ এবং বিকাল ৩টা ০৫ মিনিটে আবদুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’ এর ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার। রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই ও স্বর্ণলতা অভিনীত নাটক ‘বউ চা’।
১লা অক্টোবর রাত ৯টা ৩৫ মিনিটে এবং ২রা অক্টোবর সকাল ১১টা ৩০ মিনিটে শাইখ সিরাজের পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘মেমোরি রিওয়াইন্ড’ প্রচার হবে। রাত ১০টা ২০ মিনিটে মুকিত মজুমদার বাবুর পরিচালনায় প্রচার হবে ‘চ্যানেল আইয়ের সাথে সবুজের পথে’। রাত ১২টায় শাইখ সিরাজ, মুকিত মজুমদার বাবু ও জহির উদ্দিন মাহমুদ মামুনের অংশগ্রহণে প্রচার হবে ‘আজকের সংবাদপত্র’। এছাড়া ২রা অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে এবং ৩রা অক্টোবর সকাল ১১টা ৩০ মিনিটে শাইখ সিরাজের উপস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিশেষ আয়োজন ‘ন মানব’ প্রচার হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২