
‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার দ্বিতীয় কিস্তিতে নতুন কোনো অভিনেতা যুক্ত হচ্ছেন না বলে জানিয়েছেন পরিচালক নাগ অশ্বিন। সম্প্রতি ‘ভ্যারাইটি ইন্ডিয়া’র সঙ্গে এক সাক্ষাৎকারে নতুন অভিনয়শিল্পী যুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট করেন, নতুন কেউ এই প্রজেক্টে আসছেন না। তিনি জানান, যে গল্প শুরু হয়েছিল সেটিই ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হচ্ছে এবং বর্তমানে থাকা চরিত্রগুলোই গল্পকে এগিয়ে নেবে।
প্রথম সিনেমার গুরুত্বপূর্ণ একটি অংশ জুড়ে ছিলেন দীপিকা পাড়ুকোন। তবে দ্বিতীয় কিস্তির শুটিং শুরুর আগেই নির্মাতা প্রতিষ্ঠান বৈজয়ন্তী মুভিজ জানায়, তারা এবং দীপিকা আর একসঙ্গে কাজ করছেন না। প্রযোজনা প্রতিষ্ঠানটি এক্সে দেওয়া বিবৃতিতে জানায়, অনেক ভেবেচিন্তে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রথম সিনেমার দীর্ঘ যাত্রার পরও তারা একটি অংশীদারত্বে পৌঁছাতে পারেননি।
দীপিকা কেন সিনেমাটি ছেড়েছেন, সে বিষয়ে তিনি নিজে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন তথ্য উঠে এসেছে। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়ানোর দাবি করেছিলেন অভিনেত্রী। অন্যদিকে ইন্ডিয়া টুডের দাবি, দ্বিতীয় কিস্তিতে তার চরিত্রের পরিধি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া অতীতে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ থেকে সরে আসার সময় কাজের সময়সূচি নিয়ে মতবিরোধের কথা শোনা গিয়েছিল।
কাজের মানদণ্ড নিয়ে কয়েক মাস আগে দীপিকা বলেছিলেন, তিনি এখন এমন কোনো কাজ করতে চান না যা তার কাছে সত্যি মনে হয় না। কেবল বড় বাজেট বা বড় পারিশ্রমিকই তার কাজ নির্বাচনের একমাত্র মানদণ্ড নয় বলেও জানিয়েছিলেন তিনি।
এদিকে নাগ অশ্বিন জানিয়েছেন, অমিতাভ বচ্চন ও কমল হাসানের কিছু দৃশ্য এরই মধ্যে ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারিতে এই দুই কিংবদন্তি অভিনেতা একসঙ্গে শুটিংও করেছেন। প্রভাসের অন্যান্য সিনেমার ব্যস্ততা কেটে যাওয়ায় এখন মূল শুটিংয়ের জটিলতা নেই। পরিচালক জানান, অক্টোবরের মাঝামাঝি নিয়মিত শুটিং শুরু হবে। আগামী বছরের মাঝামাঝি পুরো শুটিং শেষ করে পোস্ট-প্রোডাকশনে যাওয়ার পরিকল্পনা রয়েছে এবং ২০২৮ সালে সিনেমাটি মুক্তির সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কল্কি ২৮৯৮ এডি’ বৈজয়ন্তী মুভিজ প্রযোজিত সিনেমাটি বিশ্বব্যাপী ১ হাজার ১০০ কোটি রুপির বেশি আয় করেছিল।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২