
ক্যারিয়ারের ব্যস্ততার মাঝে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জনপ্রিয় উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরী নামে এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে ভক্তদের এই সুখবরটি নিশ্চিত করেছেন পায়েল।
প্রকাশিত ছবিতে লাল জমকালো শাড়িতে নববধূর সাজে দেখা গেছে পায়েলকে। তার সঙ্গে ছিলেন স্বামী আল-আমিন চৌধুরী ও পরিবারের সদস্যরা। বিয়ের খবর জানিয়ে পায়েল তার পোস্টে লিখেছেন, 'আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরীর সঙ্গে আমার বিয়ে হয়েছে। এখনকার সময়ে বিয়ে করে সুখে থাকার চেয়ে শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকতে পারি।'
পায়েলের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তার জীবনসঙ্গীকে নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। জানা গেছে, আল-আমিন চৌধুরী একজন ব্যবসায়ী, যিনি যুক্তরাজ্যে একাধিক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। বিয়ের তারিখ নিয়ে ভক্তদের মনে প্রশ্ন তৈরি হলে পায়েল মন্তব্যের ঘরে স্পষ্ট করেন যে, বিয়ে বেশ কয়েক দিন আগেই সম্পন্ন হয়েছে। তিনি লিখেছেন, 'বিয়ে বেশ কয়েক দিন আগেই হয়েছে! তাই কয়দিন টিকবে-এই প্রশ্ন প্রযোজ্য নয়। আল্লাহ যদি চান, সারাজীবন টিকে যাবে। আর না চাইলে এখনই সব শেষ। দোয়া করবেন আমাদের জন্য।'
দীর্ঘদিন ধরেই উপস্থাপনায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন ইসরাত পায়েল। ছোটপর্দার বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে বড় আয়োজনে নিয়মিত উপস্থাপনা করে আসছেন তিনি। ২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা 'মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল'-এ সাফল্যের পাশাপাশি একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করে দর্শকদের নজর কাড়েন। উপস্থাপনার পাশাপাশি মডেলিং এবং উদ্যোক্তা হিসেবেও পরিচিতি রয়েছে তার।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২