
ভারতের পাঞ্জাবের লুধিয়ানা থেকে পাঞ্জাবি গায়ক ও গীতিকার বলজিৎ সিংয়ের পচাগলা মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩৫ বছর বয়সী এই গায়কের মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ার পর স্থানীয় প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে বিষয়টি প্রকাশ্যে আসে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার লুধিয়ানার সুদহার পট্টি ধালিওয়াল গ্রামে নিজ বাড়িতে বলজিৎ সিংকে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিছানার ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখে। মরদেহে পচন ধরেছিল। পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধারের চার থেকে পাঁচ দিন আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।
স্থানীয় বাসিন্দারা কয়েক দিন ধরে বলজিৎ সিংয়ের বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ পাচ্ছিলেন। দুর্গন্ধ বাড়তে থাকলে তারা পুলিশকে বিষয়টি জানান। এরপর স্থানীয়দের সহায়তায় বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে মরদেহের কাছাকাছি শুকনো রক্তের দাগও পাওয়া গেছে, তবে ওই রক্তের উৎস এবং মৃত্যুর সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না তা এখনো নিশ্চিত নয়।
এদিকে মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। মৃত্যুর আগের কয়েক দিনে তার বাড়িতে কেউ এসেছিল কি না কিংবা আশপাশে কোনো সন্দেহজনক ব্যক্তির চলাচল ছিল কি না, তা শনাক্তের চেষ্টা চলছে।
বলজিৎ সিংয়ের বোন পুলিশকে জানিয়েছেন, এর আগে তার ভাইয়ের হৃদ্রোগে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছিল। পরিবারের ধারণা, সম্ভবত আবারও হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি পড়ে গিয়ে আঘাত পান এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে পরিবারের এই ধারণা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্ত ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গায়কের মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২