
বিনোদন অঙ্গনে পূজা চেরীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা নতুন নয়। প্রযোজক, পরিচালক কিংবা একাধিক নায়কের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জন শোনা গেছে। তবে এবার পরিস্থিতি ভিন্ন; প্রেমের গুঞ্জন ছাপিয়ে সরাসরি বিয়ের খবর ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, দেশের এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই চিত্রনায়িকা। এমনকি ঘনিষ্ঠ মহলের কারো কারো দাবি, এরই মধ্যে নাকি বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন পূজা। তবে এই তথ্যের সত্যতা নিয়ে এখনো রহস্য রয়ে গেছে।
বিয়ের গুঞ্জন নিয়ে পূজা চেরীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন পূজা। সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে তিনি কখনোই প্রকাশ্যে বিস্তারিত কথা বলেননি। ফলে তাঁর এই নীরবতা ভক্তদের মধ্যে রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।
বিয়ে নিয়ে পূজার ইঙ্গিত অবশ্য এটিই প্রথম নয়। চলতি বছরের শুরুর দিকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনা হয়েছিল। তখন গুঞ্জন উঠেছিল, বছর দুয়েক আগেই নাকি নীরবে বাগ্দান সেরে ফেলেছেন এই অভিনেত্রী। পরবর্তীতে এক সাক্ষাৎকারে পূজা নিজেই জানিয়েছিলেন যে তিনি ‘এনগেজড’। সেই সঙ্গে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার ইচ্ছার কথা প্রকাশ করলেও বাগ্দত্তার পরিচয় তখনো গোপন রেখেছিলেন তিনি।
শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা পূজা চেরী ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আলোচনায় আসেন। সিয়াম আহমেদের বিপরীতে অভিনীত এই সিনেমার পর ‘দহন’, ‘নূর জাহান’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’, ‘আগন্তুক’, ‘টগর’, ‘মাসুদ রানা’ ও ‘দম’-এর মতো বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২