
সম্প্রতি রিজভী আহমেদ নামে এক ব্যক্তি আরজে নীরবকে দেওয়া এক সাক্ষাৎকারে চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে তার প্রেম ও বিয়ের দাবি করেন। এ ঘটনায় ব্যাপক চটেছেন এই অভিনেত্রী। শাবনূর জানিয়েছেন, রিজভীর এসব দাবি সম্পূর্ণ বানোয়াট। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, রিজভী দাবি করেছে যে ২০১৬ সালে তাদের বিয়ে হয়েছিল এবং ২০১৮ সালে ডিভোর্স হয়েছে। অথচ শাবনূরের ভাষ্যমতে, রিজভী ১৯৯৯ সাল থেকে যুক্তরাজ্যে বসবাস করছেন এবং তিনি লিখেছেন, ‘আমার প্রশ্ন হলো, সে তো ১৯৯৯ সাল থেকেই প্রায় ২৬-২৭ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছে।’ এছাড়া তিনি নিজেও ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে কখনোই যুক্তরাজ্যে যাননি।
শাবনূর আরও বলেন, তার সঙ্গে রিজভীর পরিচয় তো দূরের কথা, তিনি তাকে কখনো দেখেছেন বলেও মনে পড়ে না। মজা করে শাবনূর লিখেছেন, তার এসব কথা শুনে মনে হচ্ছে, বাস্তবে কোনো বিয়ে নয়, হয়তো কেবল স্বপ্নের বাসরই হয়েছিল। একই সময়ে রিজভী সময় টিভিকে দেওয়া অন্য এক সাক্ষাৎকারে শাবনূরকে তার প্রাক্তন প্রেমিকা হিসেবে দাবি করেছে, যা আগের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।
শুধু প্রেম-বিয়ের দাবিই নয়, শাবনূরকে ঘিরে সালমান শাহের মৃত্যুর প্রসঙ্গও টেনেছেন রিজভী। রিজভী দাবি করেছে, শাবনূর সালমান শাহকে ব্ল্যাকমেল করতেন এবং তার মৃত্যুর জন্য শাবনূর দায়ী। এর জবাবে শাবনূর জানান, সালমান শাহর মৃত্যুর আগ পর্যন্ত তিনি রিজভীর নামই শোনেননি। রিজভী নিজেই সালমান শাহ হত্যাকাণ্ডের পর রাজসাক্ষী হয়েছিল। ১৯৯৭ সালের ২৪ জুলাই আদালতে দেওয়া জবানবন্দিতে রিজভী স্বীকার করেছিল যে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ১২ লক্ষ টাকার বিনিময়ে সালমান শাহকে হত্যার ষড়যন্ত্রে সে জড়িত ছিল।
শাবনূর আরও উল্লেখ করেন, রিজভী আহমেদ ওরফে ফরহাদ অতীতে সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরীকে অপহরণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল এবং নয় মাস কারাগারে ছিল। দীর্ঘ ২৯ বছর পর এখন সে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করছে এবং শাবনূরসহ সালমান শাহর মা নীলা চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে। কূটনামি বা ষড়যন্ত্রের যে অভিযোগ রিজভী তুলেছে, তা ভিত্তিহীন বলে দাবি করে শাবনূর জানান, এসব আচরণ তার স্বভাবের বাইরে এবং চলচ্চিত্র অঙ্গনের কেউই এমন অভিযোগ করতে পারবে না।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২