
হলিউডের আলোচিত ‘গডজিলা’ ফ্র্যাঞ্চাইজির পরিচিত মুখ তরুণ অভিনেত্রী কেইলি হটল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গত মঙ্গলবার (২১ জুলাই) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফ্রেডেরিক কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে। মাত্র ১৮ বছর বয়সে এই প্রতিভাবান অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
কেইলির বাবা জোশুয়া হটল টিএমজেডকে বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজে দেওয়া এক আবেগঘন ভিডিও বার্তায় তিনি জানান, মঙ্গলবার ভোরে মেরিল্যান্ডে তার মেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। হাসপাতালে নেওয়ার পথেই কেইলির হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। খবর পাওয়ার পর টেক্সাস থেকে মেরিল্যান্ডে গিয়ে তিনি মেয়ের মরদেহ গ্রহণ করেন।
ফ্রেডেরিক কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার ভোর ৩টার দিকে একটি হোন্ডা অ্যাকর্ড নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কালভার্টে আঘাত করে। কেইলি ওই গাড়ির যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ট্রমা সেন্টারে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গাড়ির চালকও আহত হয়েছেন, তবে তার আঘাত গুরুতর নয়। শেরিফের কার্যালয়ের প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিকে এই দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
জর্জিয়ার আটলান্টায় জন্মগ্রহণকারী কেইলি হটল জন্মগতভাবে শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। তিনি টেক্সাসের অস্টিনে অবস্থিত ‘টেক্সাস স্কুল ফর দ্য ডেফ’-এর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাবা আমেরিকান এবং মা কোরিয়ান বংশোদ্ভূত।
২০২১ সালে ব্লকবাস্টার চলচ্চিত্র ‘গডজিলা ভার্সেস কং’-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় কেইলির। সিনেমায় তিনি ‘জিয়া’ চরিত্রে অভিনয় করেন, যে স্কাল আইল্যান্ডের একজন শ্রবণপ্রতিবন্ধী এতিম শিশু এবং সাংকেতিক ভাষার মাধ্যমে কিং কংয়ের সঙ্গে যোগাযোগ করতে পারত। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এ্যাম্পায়ার’ চলচ্চিত্রেও তিনি একই চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি স্যাটার্ন অ্যাওয়ার্ডসে তরুণ অভিনয়শিল্পীর সেরা পারফরম্যান্স বিভাগে মনোনয়নও পেয়েছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২