
ফুটবল বিশ্বকাপের ফাইনাল মানেই মাঠের উত্তেজনার পাশাপাশি বর্ণাঢ্য বিনোদনের আয়োজন। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হাফটাইম শোতে বিশ্বের জনপ্রিয় সংগীতশিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হয়েছেন দর্শকরা। বিরতির সময় শাকিরা, ম্যাডোনা, জাস্টিন বিবার এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের পারফরম্যান্সে স্টেডিয়াম হয়ে উঠেছিল রঙিন।
তবে এই আয়োজনের দীর্ঘ বিরতি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের ইতিহাসে এবারই সবচেয়ে দীর্ঘ হাফটাইম অনুষ্ঠিত হয়েছে। বিরতি স্থায়ী ছিল ২৭ মিনিট ২২ সেকেন্ড। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নিয়ম অনুযায়ী, ম্যাচের বিরতি সর্বোচ্চ ১৫ মিনিট হওয়ার কথা, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
হাফটাইম শোর সূচনায় মঞ্চে ওঠেন পপসম্রাজ্ঞী ম্যাডোনা। তার জনপ্রিয় গান 'মিউজিক' পরিবেশনের সময় মঞ্চে উপস্থিত ছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো ও রোনালদিনহো। এরপর দর্শকদের মাতান কলম্বিয়ার তারকা শাকিরা। নাইজেরিয়ার সংগীতশিল্পী বার্না বয়ের সঙ্গে যৌথভাবে তিনি পরিবেশন করেন তাদের জনপ্রিয় গান 'দাই দাই', যা এর আগে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও শোনা গিয়েছিল।
দীর্ঘ প্রায় তিন বছর পর পূর্ণাঙ্গ দল হিসেবে আন্তর্জাতিক মঞ্চে ফিরে আসে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। বাধ্যতামূলক সামরিক দায়িত্ব শেষে এটি ছিল তাদের অন্যতম বড় বৈশ্বিক পরিবেশনা। অন্যদিকে গিটার হাতে মঞ্চে উঠে নিজের জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের উচ্ছ্বাসে ভাসান জাস্টিন বিবার।
ফাইনাল ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিশ্বের বিভিন্ন অঙ্গনের তারকারা। গ্যালারিতে দেখা যায় বিয়ন্সে ও জে-জি, কাইলি জেনার ও টিমোথি শ্যালামে, ডেভিড ও ভিক্টোরিয়া বেকহ্যাম, আনিয়া টেইলর-জয়সহ আরও অনেককে। এছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
আয়োজনটি নিয়ে প্রশংসার পাশাপাশি সমালোচনাও হয়েছে। বিবিসির ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করা ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ওয়েন রুনি শিল্পীদের প্রশংসা করলেও পুরো আয়োজন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তার মন্তব্য ছিল, অনুষ্ঠানটি একেবারেই ভালো হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২