
অভাব যেন কোনো শিক্ষার্থীর স্বপ্নের পথে বাধা হয়ে না দাঁড়ায়, এই অঙ্গীকার নিয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ সম্ভাবনা তৈরিতে কাজ করছে প্ল্যাটফর্ম 'স্বপ্ন সারথী'। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রতিকূলতা জয় করে শিক্ষাজীবনে সাফল্য অর্জনকারী ৮২ জন শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়েছে। দেশের ৮টি স্কুলের এসব শিক্ষার্থীর মধ্যে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের পাশাপাশি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত ছিল।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য, নাগরিক সমাজ এবং বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজনে কৃতি শিক্ষার্থীদের অভিজ্ঞতার গল্প শোনানো হয় এবং তাদের হাতে সম্মাননা স্মারক বা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়।
আয়োজনের মূল স্বপ্নদ্রষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, একটি শিশুর স্বপ্ন কখনোই তার পরিবারের আর্থিক সামর্থ্যের কাছে হার মানতে পারে না। প্রতিটি শিশু যেন তার মেধা ও যোগ্যতা অনুযায়ী নিজের ভবিষ্যৎ গড়ার সুযোগ পায়, সেই লক্ষ্যেই স্বপ্ন সারথীর যাত্রা। বিভিন্ন সংগঠনের সক্ষমতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের স্বপ্ন পূরণে সাহস ও সুযোগ দেওয়াই তাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া বলেন, অবহেলিত ও পিছিয়ে পড়া তরুণদের জন্য স্বপ্ন সারথীর এই আয়োজন অত্যন্ত অর্থবহ। এই ধরনের উদ্যোগ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে এবং আয়োজক সংগঠনগুলোর কার্যক্রম প্রশংসার দাবি রাখে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কবি ও সাহিত্যিক আনিসুল হক শিক্ষার্থীদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সব ধরনের সহযোগিতা ও উৎসাহ অব্যাহত রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২