
দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে নতুন একটি কোটা পদ্ধতি অনুসরণের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে কার্যকর করার লক্ষ্যে এই ভর্তি নীতিমালার একটি খসড়া এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন দিলে এবং প্রয়োজনে সভার মাধ্যমে আলোচনার প্রেক্ষিতে এতে পরিবর্তন আসতে পারে।
খসড়া নীতিমালার তথ্য অনুযায়ী, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মোট আসনের ১৪ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ, যমজদের জন্য ২ শতাংশ, সহোদর বা ভাই-বোনদের জন্য ৩ শতাংশ এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ ও মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর বা সংস্থায় কর্মরতদের সন্তানদের জন্য ১ শতাংশ কোটা রাখা হয়েছে।
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে কোটার হার কিছুটা ভিন্ন। এখানে মোট ১৫ শতাংশ কোটা রাখার প্রস্তাব করা হয়েছে। সরকারি খাতের ১৪ শতাংশ কোটার সব নিয়ম এখানে বহাল থাকলেও অতিরিক্ত ১ শতাংশ কোটা বরাদ্দ রাখা হয়েছে লিল্লাহ বোর্ডিংয়ের শিশুদের জন্য। এই শিশুদের মূলধারার শিক্ষার সাথে সম্পৃক্ত করতেই প্রতিষ্ঠানগুলো এই কোটা ব্যবহারের সুযোগ পাবে।
রাজধানীর সরকারি বিদ্যালয়গুলোর ক্ষেত্রে আগের মতোই ক্যাচমেন্ট এরিয়া কোটা বহাল রাখা হয়েছে। ঢাকা মহানগরের সরকারি স্কুলগুলোতে স্থানীয় শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। মাউশি সংশ্লিষ্ট সবাইকে এই ক্যাচমেন্ট এরিয়া সম্পর্কে অবহিত করবে। এছাড়া, স্বতন্ত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করা শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণিতে মোট আসনের ১০ শতাংশ সংরক্ষিত থাকবে।
মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, সহোদর কোটা ৩ শতাংশে উন্নীত করার মাধ্যমে একই প্রতিষ্ঠানে ভাই-বোনদের পড়ার সুযোগ বাড়ানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এতে অভিভাবকদের ভোগান্তি ও নিরাপত্তাহীনতা অনেকাংশে কমে আসবে। এই খসড়া নীতিমালাটি এখন শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২