
জাপানে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশন। ২০২৭ শিক্ষাবর্ষের এই বৃত্তির আওতায় মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রামে অধ্যয়নরত অথবা ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন। এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের মাসিক সর্বোচ্চ ২ লাখ ৩০ হাজার ইয়েন বা প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬।
হোনজো ফাউন্ডেশনের এই বৃত্তির জন্য জাপানের নাগরিক ছাড়া বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ২০২৭ সালের এপ্রিল থেকে জাপানের কোনো গ্র্যাজুয়েট প্রোগ্রামে পড়াশোনা শুরু করবেন, এমন শিক্ষার্থীদের পাশাপাশি ২০২৭ সালের শরৎকালীন ভর্তি নেওয়া শিক্ষার্থীরাও আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।
আবেদনের যোগ্যতার ক্ষেত্রে মাস্টার্স প্রোগ্রামের আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে এবং ডক্টরাল প্রোগ্রামের ক্ষেত্রে বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীদের পড়াশোনা শেষে নিজ দেশে অবদান রাখার দৃঢ় ইচ্ছা থাকতে হবে। সেই সঙ্গে আন্তর্জাতিক বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আগ্রহ থাকা প্রয়োজন। বৃত্তির আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, জাপানি ভাষায় মৌলিক কথোপকথনের সক্ষমতা। বাছাইপ্রক্রিয়ার সাক্ষাৎকার জাপানি ভাষায় অনুষ্ঠিত হবে।
বৃত্তির আর্থিক সুযোগ-সুবিধার বিষয়টি ডিগ্রি প্রোগ্রামের মেয়াদের ওপর নির্ভর করবে। এক বা দুই বছরের ডিগ্রি প্রোগ্রামের জন্য মাসে ২ লাখ ৩০ হাজার ইয়েন (প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা), তিন বছরের প্রোগ্রামের জন্য ২ লাখ ১০ হাজার ইয়েন (প্রায় ১ লাখ ৬৪ হাজার টাকা) এবং চার বা পাঁচ বছরের প্রোগ্রামের জন্য মাসে ১ লাখ ৮০ হাজার ইয়েন (প্রায় ১ লাখ ৪১ হাজার টাকা) প্রদান করা হবে।
আবেদনের জন্য শিক্ষার্থীর ছবি, দুই মিনিটের গবেষণা পরিকল্পনা-সংক্রান্ত ভিডিও, স্নাতক পর্যায়ের একাডেমিক ট্রান্সক্রিপ্ট, গবেষণা প্রস্তাব, তত্ত্বাবধায়কের সুপারিশপত্র এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির বা গ্রহণপত্র জমা দিতে হবে। গবেষণা প্রস্তাবে গবেষণার বিষয়, নিজ দেশের উন্নয়নে গবেষণার সম্ভাব্য অবদান এবং গবেষণা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে অর্জনের বিষয় উল্লেখ করতে হবে। আবেদনকারী চাইলে ৩০ সেকেন্ডের আত্মপরিচিতিমূলক ভিডিওও জমা দিতে পারবেন।
আগ্রহী শিক্ষার্থীদের HISF-এর নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। প্রাথমিক বাছাইয়ের ফল ২০২৭ সালের ৩১ জানুয়ারি প্রকাশের কথা রয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিতদের সাক্ষাৎকার ৯ ফেব্রুয়ারি ২০২৭ টোকিওতে অথবা ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত ফল ৩১ মার্চ ২০২৭ তারিখে প্রকাশ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২