
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন প্রক্রিয়া আজ ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা আগামীকাল ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ অক্টোবর রাত ৮টায় দ্বিতীয় ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনা অনুযায়ী, যারা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপে আবেদন করেননি অথবা আবেদন করেও কোনো কলেজে সুযোগ পাননি, তারা এই দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন। এছাড়া প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পরও যারা কোনো কারণে নিশ্চায়ন করতে পারেননি কিংবা নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে ব্যর্থ হয়েছেন, তারাও পুনরায় আবেদনের সুযোগ পাবেন। পাশাপাশি ভুল কোটা নির্ধারণের কারণে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পরও ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও এই ধাপে নতুন করে আবেদন করতে পারবেন।
আবেদন করার সময় শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটের নির্দেশনাগুলো মনোযোগ দিয়ে অনুসরণ করতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পারবেন। দ্বিতীয় ধাপের ফল প্রকাশের পর ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর রাত ৮টার মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের সিট নিশ্চায়ন করতে হবে। এই সময়ের মধ্যে নিশ্চায়ন প্রক্রিয়া সম্পন্ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন উভয়ই বাতিল বলে গণ্য হবে।
এরপর শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে আগামী ৪ অক্টোবর রাত ৮টায়। আর দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রথম ধাপে আবেদন করার পরও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে আবেদনের জন্য নতুন করে ২২০ টাকা অনলাইন ফি দিতে হবে না। তারা ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ সিলেকশন বা এডিট সম্পন্ন করতে পারবেন। তবে আবেদনের সময় কোটার যোগ্যতা ভালোভাবে যাচাই করে সঠিকভাবে কোটা নির্ধারণের জন্য শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছে শিক্ষা বোর্ড।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২