
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কার্যালয় সংলগ্ন সভাকক্ষে সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের (এসআইআইএস) ভাইস প্রেসিডেন্ট লি কাইশেং সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের বিভিন্ন উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সহযোগিতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। তিনি এই সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। নিজের চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দুই দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারণ করা সম্ভব।
সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা ও চীন বিষয়ক গবেষণার প্রসার এবং একটি বিশেষায়িত কেন্দ্র প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এই কেন্দ্রটি চীনা ভাষা শিক্ষা, গবেষণা ও দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বৈঠকে মত প্রকাশ করা হয়।
এসআইআইএস-এর ভাইস প্রেসিডেন্ট লি কাইশেং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক সম্পর্ক সম্প্রসারণে তাঁর প্রতিষ্ঠানের আগ্রহের কথা ব্যক্ত করেন। তিনি বলেন, চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে উচ্চশিক্ষা, গবেষণা এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও বাড়ানো প্রয়োজন।
বৈঠকে যৌথ গবেষণা, গবেষক ও তরুণ শিক্ষাবিদদের বিনিময়, স্বল্প ও দীর্ঘমেয়াদি একাডেমিক সফর এবং যৌথ কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীন বিষয়ক গবেষণার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও স্থান নির্ধারণ এবং সম্ভাব্য সহযোগিতার পরিকল্পনা প্রণয়নের বিষয়েও দুই পক্ষ মতবিনিময় করেছে। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম উল্লেখ করেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে এবং চীনের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব।
সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. রাকিবুল হক, আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রভাষক আগা মোস্তাফিজুর রহমান চৌধুরী, সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিসকোর্স ইনোভেশন স্টাডিজের পরিচালক ড. জুয়ান জেং এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২