
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শিক্ষা মন্ত্রণালয়ের ১৭ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে সোমবার (২১ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সময়সূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত তা চলমান থাকবে। এই ধাপে আবেদনের সুযোগ পাচ্ছেন তারা, যারা এর আগে আবেদন করেননি কিংবা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হতে পারেননি। এছাড়া চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পরও যারা ভর্তি নিশ্চায়ন করতে পারেননি, নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে পারেননি, কিংবা ভুলভাবে কোটা নির্ধারণের কারণে মনোনয়ন পেয়েও ভর্তি হতে পারেননি, তারাও এই ধাপে আবেদনের সুযোগ পাবেন।
আবেদনকারীদের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করতে হবে। কলেজে বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে আবেদনের ক্ষেত্রে ২২০ টাকা অনলাইন আবেদন ফি দিতে হবে না। এসব শিক্ষার্থীকে ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে কলেজ সিলেকশন বা এডিট সম্পন্ন করতে হবে।
ভর্তি কার্যক্রমের সময়সূচি অনুযায়ী, ১ অক্টোবর রাত ৮টায় দ্বিতীয় ধাপের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীরা তাদের নির্বাচন নিশ্চায়ন করতে পারবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। এরপর ৪ অক্টোবর রাত ৮টায় দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। সবশেষে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত কলেজে ভর্তি কার্যক্রম চলবে। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের কোটার যোগ্যতা যাচাই করে সঠিকভাবে কোটা নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে এবং ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২