
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করার লক্ষ্যে বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে প্রয়োজনীয় সামঞ্জস্য আনার ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শুক্রবার ঢাকার রেডিসন হোটেলে অক্সফোর্ড একিউএ ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশনস আয়োজিত ‘স্কুল লিডারস কনফারেন্স ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, কোনো শিক্ষার্থী ইংরেজি, বাংলা কিংবা অন্য কোনো ধারায় পড়াশোনা করুক না কেন, তাদের মৌলিক জ্ঞান ও দক্ষতার ক্ষেত্রে একটি অভিন্ন ন্যূনতম মান নিশ্চিত করা সরকারের লক্ষ্য। তিনি বলেন, ভালো ও তুলনামূলক দুর্বল শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য থাকলেও কারিকুলাম ও শিক্ষার মৌলিক মানে বড় ধরনের বৈষম্য থাকা উচিত নয়। এই লক্ষ্য বাস্তবায়নে সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে অবকাঠামো, শিক্ষক প্রশিক্ষণ, কারিকুলাম এবং প্রযুক্তির ব্যবহারে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।
প্রাথমিক শিক্ষার মৌলিক বিষয়গুলোতে সংস্কারের ওপর জোর দিয়ে ববি হাজ্জাজ বলেন, বিদ্যালয়ের সময়, লার্নিং আওয়ার, শ্রেণিকক্ষের আয়তন অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা, অবকাঠামো এবং প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করতে সুস্পষ্ট ন্যূনতম মানদণ্ড প্রয়োজন। তিনি আরও বলেন, কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়া একজন শিক্ষককে শ্রেণিকক্ষের দায়িত্ব দেওয়া উচিত নয়।
ভবিষ্যতের প্রাথমিক শিক্ষায় অ্যাক্টিভিটি-বেজড লার্নিং ও খেলাধুলার মাধ্যমে শেখার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী জানান, ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা এবং লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের (এলএমএস) কার্যকর ব্যবহার থেকেও সরকার শিক্ষা নিতে চায়। তিনি উল্লেখ করেন, নতুন কারিকুলাম প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার মতামত নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে।
ববি হাজ্জাজ বলেন, কেবল বিশ্বের উন্নত শিক্ষা ব্যবস্থার চর্চা অনুসরণ করাই লক্ষ্য নয়, বরং বাংলাদেশ থেকেও যেন বিশ্বের অন্যান্য দেশ শিক্ষা ব্যবস্থার সেরা চর্চা গ্রহণ করে—সেটিই সরকারের স্বপ্ন। এই লক্ষ্য পূরণে সরকার সময়, অর্থ ও কঠোর পরিশ্রম বিনিয়োগে প্রস্তুত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অক্সফোর্ড একিউএ’র বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন। এছাড়া ব্রিটিশ হাইকমিশন ও ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিসহ ঢাকার বিভিন্ন ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষরা অনুষ্ঠানে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২