চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী স্মারক বক্তৃতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট আলোচকরা ইসলামের ইতিহাস, সংস্কৃতি, তাসাউফ ও সুফিবাদের নানা তাত্ত্বিক দিক নিয়ে বিষদ আলোচনা করেন। চবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই) যৌথভাবে এই স্মারক বক্তৃতার আয়োজন করে।
অনুষ্ঠানে ‘The Position of Al-Azhar Sharif on Sufism’ বা সুফিবাদ নিয়ে আল-আজহার শরিফের অবস্থান বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক দাওয়াহ অনুষদের সাবেক ডিন এবং রিলিজিয়ন অ্যান্ড ডকট্রিন বিভাগের অধ্যাপক ড. জামাল ফারুক জিব্রিল মাহমুদ। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, হাদিসে জিব্রিলের দৃষ্টিকোণ থেকে তাসাউফ ধর্মের এক-তৃতীয়াংশ এবং এটি পুরো দ্বীনের প্রধান কেন্দ্রবিন্দু। তাসাউফ কোনো বেদাত, অজ্ঞতা বা কুসংস্কারের সঙ্গে সম্পৃক্ত নয়। প্রকৃত তাসাউফ হলো উত্তম আখলাক, উন্নত চরিত্র এবং মহান আল্লাহর সঙ্গে সৃষ্টির গভীর সম্পর্ক স্থাপন করা। তাসাউফ যেহেতু ধর্মের মূল কেন্দ্র, তাই এটিকে অস্বীকার করা মূলত পুরো ধর্মীয় বিষয়কেই অস্বীকার করার শামিল।
আল-আজহারের এই অধ্যাপক আরও বলেন, মানুষের মধ্যে ভুল ও সীমাবদ্ধতা থাকাটাই স্বাভাবিক এবং কেউই ভুলের ঊর্ধ্বে নন। আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করে তাদের মধ্য থেকেই রাসুল পাঠিয়েছেন। রাসুলের অন্যতম দায়িত্ব ছিল কোরআন তেলাওয়াত করে শোনানো, দ্বীনের শিক্ষা দেওয়া এবং ‘তাসকিয়া’ বা আত্মশুদ্ধির মাধ্যমে মানুষের অন্তরের ত্রুটি-বিচ্যুতি দূর করা। অনুষ্ঠানে তাঁর বক্তব্য বাংলায় অনুবাদ করেন যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয়ের অধীনে ধর্মীয় বিভাগের প্রধান মু. মহিউদ্দিন।
অনুষ্ঠানে সুফি সংগীতের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন বাহরাইন সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল ড. ইব্রাহিম আল শেখ রশিদ আল মুরাইখি। তিনি বলেন, আল্লাহ মানুষকে জ্ঞান ও তথ্য অর্জনের জন্য চোখ ও কানের মতো গুরুত্বপূর্ণ অনুভূতি ও ইন্দ্রিয় দিয়েছেন। এসবের মাধ্যমে মানুষ যা শোনে ও দেখে, তা তার অন্তরে গভীর প্রভাব ফেলে। মানুষের অন্তর হলো ঐশী আলোর প্রতিফলন ঘটানোর একটি মাধ্যম। সেই অন্তরকে পরিচ্ছন্ন রাখতে না পারলে সেখানে ঐশী আলোর প্রতিফলন ঘটবে না। সুফি সংগীত ও এরশাদকে অন্তর আধ্যাত্মিকভাবে পরিশুদ্ধ রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম উল্লেখ করে তিনি বলেন, সুফিয়ায়ে কেরাম মানুষের অন্তর পরিশোধন, সুন্দর চরিত্র গঠন এবং মানবিকতার বিকাশের লক্ষ্যেই ‘সামা’র প্রবর্তন করেছিলেন।
চবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোরশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিআইআরআই) চেয়ারম্যান ও ম্যানেজিং ট্রাস্টি শাহজাদা সৈয়দ ইরফানুল হক এবং শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ.এস.এম. বোরহান উদ্দীন।
স্মারক বক্তৃতা অনুষ্ঠানে ‘হযরত সৈয়দ দেলোয়ার হোসাইন মাইজভাণ্ডারী (ক.) স্মৃতি বৃত্তি’ প্রদান করা হয়। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দুই কৃতি শিক্ষার্থী জান্নাতুল মাওয়া ইশা এবং দিলরুবা গুলশান ভূঁঞা এ বছর এই বৃত্তি লাভ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক এবং আলেম-উলামারা অংশ নেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (DIRI) যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টি অডিটোরিয়ামে এ স্মারক বক্তৃতার আয়োজন করা হয়।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতন করে ভাত খাওয়া ও চুরির স্বীকারোক্তি…
বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে আর কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ঘোষণা করেছেন যে, গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ড…
ভোলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণার পরপরই ব্যক্তিগত ও সাংগঠনিক কারণ দেখিয়ে পদত্যাগ…
যুক্তরাষ্ট্রের প্রধান কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) হাজারো কর্মকর্তা ও আবেদনকারীদের বিপুল…
This website uses cookies.