
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৪০ (03 September 2026, 23:40)
খুলনা বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান তীব্র শ্রেণিকক্ষ সংকটের সমাধান না করেই নতুন করে আরও ১৬টি বিভাগ চালুর পরিকল্পনা করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এই ঘোষণা দেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়, বরং অবকাঠামো উন্নয়ন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনসাপেক্ষে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে নতুন বিভাগগুলো চালু করা হবে।
বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হ্যান্ডবুকের তথ্য অনুযায়ী, বর্তমানে চালু থাকা ২৯টি বিভাগের জন্য মাত্র ৯৮টি শ্রেণিকক্ষ রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। অধিকাংশ বিভাগকেই মাত্র দুই থেকে তিনটি ক্লাসরুম নিয়ে পাঠদান কার্যক্রম চালাতে হচ্ছে। প্রতিটি বিভাগে একাধিক বর্ষ, সেমিস্টার ও ব্যাচের নিয়মিত ক্লাস থাকায় এই সংকটের কারণে ক্লাসের সময়সূচি নির্ধারণ, পরীক্ষা আয়োজন এবং অন্যান্য একাডেমিক কার্যক্রম পরিচালনায় অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।
শ্রেণিকক্ষ বরাদ্দের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে মাত্র একটি ক্লাসরুম রয়েছে। এছাড়া এগ্রোটেকনোলজি, এডুকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি, হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশন, স্কাল্পচার এবং সেইল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগে রয়েছে দুটি করে শ্রেণিকক্ষ। অন্যদিকে রসায়ন, ডেভেলপমেন্ট স্টাডিজ, ইংরেজি, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি, আইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ফার্মেসি, পদার্থবিজ্ঞান, প্রিন্টমেকিং ও সমাজবিজ্ঞান বিভাগ তিনটির বেশি ক্লাসরুম পাচ্ছে না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন জানান, নতুন বিভাগ চালুর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যানের অংশ হলেও এখনই এটি বাস্তবায়ন করা হচ্ছে না। অবকাঠামোগত সংকট নিরসন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করার পরই কেবল এই পরিকল্পনা বাস্তবায়িত হবে। তিনি আরও উল্লেখ করেন, খুলনার পাইকগাছায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস চালু হলে সেখানে প্রাথমিকভাবে চার থেকে পাঁচটি বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম স্পষ্ট করেছেন যে, নতুন বিভাগ চালুর ক্ষেত্রে ইউজিসি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, পরিধি, শিক্ষক সংখ্যা ও শিক্ষার মান বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। উদাহরণ টেনে তিনি বলেন, দুই বছর আগে ভাষা শিক্ষা বিভাগ চালুর অনুমোদনের জন্য আবেদন করা হলেও এখনো তার অনুমোদন মেলেনি। তাই প্রয়োজনীয় সক্ষমতা ও অবকাঠামো নিশ্চিত হওয়ার পরই নতুন বিভাগ চালুর চূড়ান্ত উদ্যোগ নেওয়া হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন বিভাগ চালুর আগে বিদ্যমান ক্লাসরুম সংকট দূর করা এবং কার্যকর শ্রেণিকক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষার মানসম্মত পরিবেশ নিশ্চিত করা জরুরি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২