
২০২৬-২৭ শিক্ষাবর্ষে আলিম একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি কার্যক্রম শুরুর প্রাক্কালে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য হাতিয়ে নিয়ে তাদের অনুমতি ছাড়াই অনলাইনে ভর্তির আবেদন করছে একটি প্রতারক চক্র—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সতর্কবার্তা জারি করা হয়েছে।
গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২ সেপ্টেম্বর থেকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম একাদশ শ্রেণির অনলাইন ভর্তি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন কৌশলে দাখিল পরীক্ষার তথ্য সংগ্রহ করছে এবং পরবর্তীতে তাদের অজান্তেই অনলাইনে ভর্তির আবেদন সম্পন্ন করছে।
এই ধরনের জালিয়াতি এড়াতে শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মাদ্রাসা বোর্ড। একই সঙ্গে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সময় শিক্ষার্থী ও অভিভাবকদের নিজেদের সচল মোবাইল ফোন নম্বর ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতারণার সঙ্গে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এ ধরনের জালিয়াতির সঙ্গে জড়িত থাকলে তাদের প্যানেল-সার্ভার বন্ধ করে দেওয়াসহ পাঠদান কার্যক্রম স্থগিত করা হবে। অনলাইন ভর্তি কার্যক্রমে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং ব্যক্তিগত ও শিক্ষাসংক্রান্ত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পুনরায় তাগিদ দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২