
২০২৭ সালে চীনে অনুষ্ঠেয় ‘ফর্মুলা স্টুডেন্ট’ (Formula Student) আন্তর্জাতিক রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে জোর প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের দল ‘ব্লিৎজার চুয়েট’ (Blitzer CUET)। বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা ওড়ানোর স্বপ্ন নিয়ে দলটির তরুণ প্রকৌশলীরা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে একটি রেসিং কারের নকশা ও নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।
বিভিন্ন বিভাগের চুয়েট শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই পূর্ণাঙ্গ টিমটির মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক পর্যায়ে দেশের তরুণদের উদ্ভাবনী দক্ষতা, কারিগরি জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা। বর্তমানে দলটির সদস্যরা গাড়িটির ডিজাইন, এরোডাইনামিক্স, পাওয়ারট্রেন, সাসপেনশন, ইলেকট্রিক্যাল সিস্টেম এবং ম্যানুফ্যাকচারিংসহ বিভিন্ন জটিল ও গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত দিক নিয়ে দিনরাত কাজ করছেন।
দলের অন্যতম সদস্য আসহাব সিফাত এ প্রসঙ্গে বলেন, ফর্মুলা স্টুডেন্ট কেবল একটি সাধারণ রেসিং প্রতিযোগিতা নয়। এটি মূলত শিক্ষার্থীদের অর্জিত তাত্ত্বিক প্রকৌশল জ্ঞানকে বাস্তবে প্রয়োগের মাধ্যমে দক্ষতা বাড়ানোর একটি বড় প্ল্যাটফর্ম। তিনি আরও জানান, সীমিত সম্পদ ও নানাবিধ প্রতিকূলতার মধ্যেও দলের সদস্যরা গাড়ি তৈরির কাজ থামিয়ে রাখেননি। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করার দৃঢ় প্রত্যয় নিয়েই তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন।
তবে এই স্বপ্নযাত্রায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও অর্থায়ন। দলের আরেক সদস্য আহনাফ তাজওয়ার ওহী বলেন, বর্তমানে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পর্যাপ্ত স্পনসরশিপ ও আর্থিক সহায়তার অভাব। দেশের প্রযুক্তিপ্রেমী ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও করপোরেট পর্যায় থেকে সহযোগিতা পাওয়া গেলে ফর্মুলা স্টুডেন্টের মতো বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ আরও শক্তিশালীভাবে অংশ নিতে পারবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহযোগিতা নিশ্চিত করা গেলে ২০২৭ সালের প্রতিযোগিতায় একটি অত্যন্ত মানসম্মত ও প্রতিযোগিতামূলক গাড়ি নিয়ে চুয়েটের এই দল অংশ নিতে পারবে। এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশি তরুণ প্রকৌশলীদের সক্ষমতা প্রকাশের পাশাপাশি দেশের ভেতরেও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং ও ফর্মুলা স্টুডেন্ট নিয়ে তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২