
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের বিপর্যস্ত ও লুন্ঠিত শিক্ষাব্যবস্থাকে নতুন করে বিনির্মাণ করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং এর আগে তিনি দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
মাহ্দী আমিন বলেন, ৭টি বন্যাকবলিত জেলাসহ দেশের ৬৪ জেলা থেকে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিকূলতা উপেক্ষা করে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এই শিক্ষার্থীদের আবেগ ও ভালোবাসা প্রমাণ করে একজন জননেতা যখন রাষ্ট্র পরিচালনায় আসেন, তখন তিনি দেশের মানুষের ভাগ্য বদলে দিতে পারেন। প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়নের জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলব, যেখানে শিক্ষার্থীরা আগামী বাংলাদেশ গড়ার মূল কারিগর হিসেবে আবির্ভূত হবে। তিনি আরও বলেন, আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যেখানে শিক্ষার্থীরা প্রতিকূলতা ও বিরূপ প্রকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং তারাই আগামীর বাংলাদেশের কাণ্ডারি হবে।
উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রায় ৬৫,০০০ স্কুলে একসঙ্গে প্রায় ২ লক্ষ বৃক্ষরোপণ করা হয়েছে। এই বৃক্ষগুলোর পরিচর্যার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সুনাগরিকত্বের গুণাবলি তৈরি হবে। তিনি উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে গণশিক্ষা ও প্রাথমিক শিক্ষার যে ভিত্তি স্থাপিত হয়েছিল, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাকে আরও সুদৃঢ় করতে চান।
বর্তমান সরকার শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী যে কোনো বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছে উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে সারা বছর দেশজুড়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে। ইতোমধ্যে ২২ লক্ষ শিক্ষার্থীর অংশগ্রহণে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং প্রধানমন্ত্রী আগামীতে 'প্রাইম-মিনিস্টার্স ফুটবল গোল্ড কাপ' আয়োজনের পৃষ্ঠপোষকতা প্রদানের ঘোষণা দিয়েছেন। এবারের পদক প্রদান অনুষ্ঠানটি তৃণমূলের ক্ষমতায়ন ও প্রান্তিক শিক্ষার্থীদের স্বপ্নকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার একটি অনন্য প্রতিফলন বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২