
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বাসের ভাড়া নিয়ে বিরোধের জেরে আটক ছয়টি যাত্রীবাহী বাস অবশেষে ৭৫ হাজার টাকা ক্ষতিপূরণ আদায়ের পর মুক্তি পেয়েছে। মঙ্গলবার দুপুরে বাস কর্তৃপক্ষ ক্ষতিপূরণ পরিশোধ করার পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থীদের সাথে এমন আচরণ না করার লিখিত মুচলেকা দিলে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আহত দুই শিক্ষার্থীর চিকিৎসা বাবদ ৫০ হাজার টাকা এবং আরেক শিক্ষার্থীর ক্ষতিগ্রস্ত মুঠোফোনের জন্য বাকি অর্থ আদায় করা হয়েছে। সব মিলিয়ে ৭৫ হাজার টাকা পরিশোধের পর বাসগুলো ক্যাম্পাসের জিম্মাদশা থেকে মুক্তি পায়।
ঘটনার সূত্রপাত গত শনিবার সন্ধ্যায়, যখন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হিরু মিয়া ও তাঁর দুই বন্ধু গাবতলী থেকে মৌমিতা পরিবহনের একটি বাসে করে ক্যাম্পাসে ফিরছিলেন। আমিনবাজার এলাকায় পৌঁছালে শিক্ষার্থী পরিচয়পত্র দেখিয়ে হাফ ভাড়া হিসেবে ৬০ টাকা দিতে চাইলে বাসের চালকের সহকারী তা নিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সহকারী হিরু মিয়ার জামার কলার ধরেন এবং হেমায়েতপুর এলাকায় তাঁকে বাস থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেন।
হিরু মিয়ার কাছ থেকে বিষয়টি জানার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাসটি আটকানোর চেষ্টা করেন, তবে চালক দ্রুতগতিতে বাস নিয়ে পালিয়ে যান। পরবর্তীতে শিক্ষার্থীরা অন্য বাসে ধাওয়া করে বিশমাইল ফটক এলাকায় বাসটি আটকে ফেলে। এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রাগিব মারজান কাঁধে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন এবং ইয়াছির আরাফাত আঙুলে আঘাত পান। এরপর শিক্ষার্থীরা একই পরিবহনের আরও পাঁচটি বাস আটক করে ক্যাম্পাসে নিয়ে আসে এবং প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেয়। রোববার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থী প্রতিনিধি ও বাস কর্তৃপক্ষের মধ্যকার আলোচনার মাধ্যমে ক্ষতিপূরণের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২