
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং কর্পোরেট জগতের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার ২০২৬ শেষ হয়েছে। গত শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত এই আয়োজনে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, মানবসম্পদ বিশেষজ্ঞ, সফল বিসিএস ক্যাডার এবং উচ্চশিক্ষাবিষয়ক বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।
ফেয়ারের উদ্বোধন করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শনকালে তিনি বলেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার সাথে কর্মক্ষেত্রের বাস্তব চাহিদার মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করতে সক্ষম হয়।
আয়োজনটির দুই দিনে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১,৫০০টি সিভি জমা দিয়েছেন। এর মধ্যে সিগমা ওয়েল ইন্ডাস্টিজের অন-ক্যাম্পাস রিক্রুটমেন্ট কার্যক্রমে ৬০ জনেরও বেশি শিক্ষার্থী সরাসরি ভাইভায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।
ফেয়ারের প্রথম দিনে আয়োজিত বিসিএস ক্যারিয়ার সেমিনারে তিনজন সফল বিসিএস ক্যাডার শিক্ষার্থীদের সামনে প্রস্তুতির কৌশল, সময় ব্যবস্থাপনা এবং লিখিত ও মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা তুলে ধরেন। দ্বিতীয় দিনে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারে বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় দক্ষতার ওপর আলোচনা করা হয়। এছাড়া এইচআর সামিটে বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ প্রতিনিধিরা চাকরির বর্তমান বাজার, নিয়োগ প্রক্রিয়া, কর্পোরেট সংস্কৃতি এবং সফট স্কিল বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন।
শনিবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। তিনি বিভিন্ন প্রতিযোগিতা ও বিশেষ কার্যক্রমে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।
সমাপনী অনুষ্ঠানে রুয়েট ক্যারিয়ার ফোরামের সভাপতি ফজলে রাব্বি বলেন, এক দশকেরও বেশি সময় ধরে এই ক্যারিয়ার ফেয়ার শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্পোরেট সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি আশা প্রকাশ করেন, এবারের আয়োজন সেই ধারাবাহিকতাকে আরও সমৃদ্ধ করবে। আয়োজকদের মতে, চাকরির আবেদন গ্রহণের পাশাপাশি এই ফেয়ার শিক্ষার্থীদের জন্য একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২