
দেশের রপ্তানিমুখী শিল্প খাতের প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখা এবং রপ্তানি বাণিজ্যে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে সরকার বড় অঙ্কের অর্থ ছাড় করেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে রপ্তানি প্রণোদনা বাবদ ৫০০ কোটি টাকা ছাড়করণের জন্য হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয় থেকে অফিসিয়াল ডেবিট অথরিটি জারি করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই পদক্ষেপের ফলে তৈরি পোশাক, হিমায়িত চিংড়ি, চামড়াজাত পণ্যসহ অনুমোদিত বিভিন্ন খাতের বকেয়া নগদ সহায়তা পরিশোধের পথ আরো সুগম হবে।
অর্থ বিভাগের ভর্তুকি ও প্রণোদনা খাতের বরাদ্দ থেকে এই অর্থ স্থানান্তরের অনুমোদন দিয়ে সম্প্রতি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ) ডেবিট অথরিটি জারি করে। এই বরাদ্দ থেকে মাছ, হিমায়িত চিংড়ি ও অন্যান্য সামুদ্রিক খাদ্যপণ্য, চামড়াজাত পণ্য এবং দেশি বস্ত্রসহ অনুমোদিত বিভিন্ন রপ্তানি খাতের নগদ প্রণোদনা দেওয়া হবে। পাশাপাশি তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিতে বিশেষ এক শতাংশ নগদ সহায়তা কর্মসূচির অর্থও এই বরাদ্দ থেকে মেটানো হবে। প্রণোদনার অর্থ বিতরণের ক্ষেত্রে অর্থ বিভাগের নির্ধারিত শর্তাবলি কঠোরভাবে অনুসরণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এই নগদ প্রণোদনা কর্মসূচি চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধে, অর্থাৎ ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে ৩০৮ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮.৮৬ শতাংশ বেশি। গত বছরের সেপ্টেম্বরে এই খাতের রপ্তানি ছিল ২৮৪ কোটি ডলার। এছাড়া গত মাসে ১১ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি। পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে ২২.৭২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে; গত মাসে ৯ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যেখানে গত বছর একই সময়ে রপ্তানি হয়েছিল সাত কোটি ৪৩ লাখ ডলারের পণ্য। তবে কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি গত বছরের তুলনায় ২১.৭০ শতাংশ কমে সাত কোটি ৯৭ লাখ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে হোমটেক্সটাইল পণ্য রপ্তানি গত বছরের তুলনায় সাড়ে ১৩ শতাংশ বেড়ে সাত কোটি ৬৭ লাখ ডলারে পৌঁছেছে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানি খাতে নগদ প্রণোদনার হার অপরিবর্তিত রাখা হয়েছে। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য নির্ধারিত ৪৩টি রপ্তানি পণ্যের ক্ষেত্রে ০.৩০ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত হারে নগদ প্রণোদনা দেওয়া হবে। পণ্যভিত্তিক এই হার আগের অর্থবছরের মতোই অপরিবর্তিত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২