
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এখন বাড়তি সহায়তা পাওয়ার প্রত্যাশা করছে। ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি জানান, বৈঠকে ঋণ ব্যবস্থাপনা, মার্কিন সহায়তা এবং দুই দেশের সামগ্রিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংক ও দেশটির সহায়তাসংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও তার আলোচনা হয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত দিনে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তেমন কোনো সহায়তা পায়নি। তবে বর্তমানে দুই দেশের সম্পর্কের যে মোড় নিয়েছে, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বড় আকারের এয়ারক্রাফট, তেল, সয়াবিনসহ বিভিন্ন পণ্য ও কমোডিটি আমদানি করছে। অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন, বাংলাদেশ যখন যুক্তরাষ্ট্র থেকে এত বিপুল পরিমাণ পণ্য আমদানি করছে, তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাড়তি সহায়তা আসাটা যৌক্তিক। তিনি আরও জানান, সংশ্লিষ্ট মার্কিন পক্ষগুলো এ বিষয়ে একমত হয়েছে, তবে বাস্তবে সহায়তা কীভাবে ও কতটুকু পাওয়া যাবে তা এখন দেখার বিষয়।
দেশের অর্থনৈতিক নীতিতে ঋণের ওপর নির্ভরতা কমিয়ে সরাসরি বিদেশি বিনিয়োগ এবং যৌথ বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংকের সঙ্গেও এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এবং তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ এ পথে এগিয়ে যেতে পারবে। তিনি আরও বলেন, এয়ারক্রাফট ও তেলসহ বিভিন্ন পণ্য আমদানির ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্যেও এর প্রভাব পড়ছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২