
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব পেয়েছে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে টার্মিনালটির আধুনিকায়ন ও ব্যবস্থাপনার জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে ১৫ বছরের একটি চুক্তি সই করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি সই অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি এবং ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এসা কাজিম এই চুক্তিতে স্বাক্ষর করেন। এদিকে, নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে এদিন রাজধানীতে বিক্ষোভ ও পুলিশের লাঠিপেটার ঘটনা ঘটেছে।
চুক্তি সই শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান, চুক্তির মেয়াদ ১৫ বছর হলেও এনসিটির জমি, অবকাঠামো, মালিকানা ও নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হাতেই থাকবে। চুক্তির শর্ত অনুযায়ী, ডিপি ওয়ার্ল্ড শুরুতে প্রায় ৬০০ কোটি টাকা অগ্রিম ফি (আপফ্রন্ট ফি) দেবে। এছাড়া প্রথম ১০ বছরে টার্মিনালের আধুনিকায়ন, নতুন যন্ত্রপাতি ও প্রযুক্তির পেছনে ১ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের অঙ্গীকার করেছে প্রতিষ্ঠানটি। লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলে ডিপি ওয়ার্ল্ডের বিরুদ্ধে আর্থিক জরিমানার ব্যবস্থা থাকবে।
মন্ত্রী আরও জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ টার্মিনাল পরিচালনার রাজস্বের একটি অংশ এবং নির্ধারিত বার্ষিক ফি পাবে। ডিপি ওয়ার্ল্ড প্রতি টিইইউএস (TEUS) কনটেইনার হ্যান্ডলিংয়ের আয়ের ৬৭ শতাংশ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে প্রদান করবে। গড়ে প্রতি কনটেইনারে ১৪০ থেকে ১৫০ ডলার আয় হলে বন্দরের অংশ থাকবে ৯৩ থেকে ১০৩ ডলার।
অনুষ্ঠানে ডিপি ওয়ার্ল্ডের নির্বাহী চেয়ারম্যান এসা কাজিম বলেন, বাণিজ্য ও উৎপাদনের কেন্দ্র হিসেবে বাংলাদেশের গুরুত্ব ক্রমাগত বাড়ছে। এই অংশীদারির মাধ্যমে নিউমুরিং কনটেইনার টার্মিনালকে ডিপি ওয়ার্ল্ডের বৈশ্বিক বন্দর, লজিস্টিকস অবকাঠামো ও সরবরাহব্যবস্থার সেবা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। এর ফলে আন্তর্জাতিক বাজারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সংযোগ আরও সহজ ও নিরবচ্ছিন্ন হবে।
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম বন্দরে বর্তমানে সচল চারটি কনটেইনার হ্যান্ডলিং স্থাপনার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো এনসিটি। ২০০৭ সালে কার্যক্রম শুরু করা এই টার্মিনালটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের প্রায় ৪৪ শতাংশ সম্পন্ন করে। ২০২৫ সালের জুলাই মাস থেকে বাংলাদেশ নৌবাহিনীর সংস্থা চিটাগং ড্রাই ডক লিমিটেড এই টার্মিনালটির ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে আসছিল।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২