
বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন ঋণের সুযোগ বাড়াতে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ প্রকল্পের সুবিধা বিশেষ করে নারী এবং প্রচলিত ব্যাংকঋণের আওতার বাইরে থাকা পরিবারগুলো পাবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি জানিয়েছে, দেশে নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের ঘাটতি এবং ঋণ পাওয়ার সীমিত সুযোগ মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ঋণের অর্থ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং এর আওতাভুক্ত যোগ্য ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হবে। এর আওতায় জামানতবিহীন দীর্ঘমেয়াদি ক্ষুদ্রঋণ দেওয়া হবে, যা দিয়ে পরিবারগুলো নতুন ঘর নির্মাণ কিংবা পুরোনো ঘর মেরামত করতে পারবে।
প্রকল্পটির লক্ষ্য হলো ২০৩১ সালের মধ্যে অন্তত ৪০ হাজার পরিবারকে আবাসন ঋণ প্রদান করা। এর মধ্যে অন্তত ৩২ হাজার নারী এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা এলাকার অন্তত ২৪ হাজার ঋণগ্রহীতা অন্তর্ভুক্ত থাকবেন।
এডিবি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, আবাসন মানুষের মর্যাদা, সুযোগ ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতার ভিত্তি। এই প্রকল্প দারিদ্র্য হ্রাস, সামাজিক সুরক্ষা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে।
প্রকল্পের আওতায় ঘর নির্মাণের নকশা ও নির্মাণপ্রক্রিয়ায় দুর্যোগের ক্ষতি থেকে সুরক্ষার ব্যবস্থা রাখা হবে, যাতে বাড়িগুলো বন্যা, ঘূর্ণিঝড় ও তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় সক্ষম হয়। এছাড়া আর্থিক ও ভূমিসংক্রান্ত সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হবে। নারীদের আবাসন নিরাপত্তা নিশ্চিত করতে স্বামী-স্ত্রীর বসবাসসংক্রান্ত নথিপত্র সংরক্ষণের ওপর জোর দেওয়া হবে।
এডিবি আরও জানায়, পিকেএসএফ ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তথ্য ব্যবস্থাপনা, ঝুঁকি মূল্যায়ন ও ডিজিটাল প্রতিবেদন ব্যবস্থা উন্নত করা হবে। এই ১০ কোটি ডলার ঋণের মধ্যে ৪ কোটি ডলার এডিবির জলবায়ু অভিযোজন তহবিল থেকে দেওয়া হবে। এছাড়া প্রকল্প বাস্তবায়নে ৬ লাখ ডলার কারিগরি অনুদানও প্রদান করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২