
এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—এই পাঁচটি সংকটাপন্ন ব্যাংক একীভূত করে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। নতুন এই ব্যাংকের শাখা ও উপশাখাগুলোতে গতকাল মঙ্গলবার থেকে ব্যক্তি আমানতকারীদের টাকা উত্তোলনের আবেদন গ্রহণ শুরু হয়েছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, কার্যক্রমের প্রথম দিনেই ১৮ হাজার গ্রাহক তাঁদের জমানো টাকা ফেরত চেয়ে আবেদন করেছেন। এই গ্রাহকেরা মোট ১ হাজার ৩০০ কোটি টাকা ফেরত চেয়েছেন। সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় গিয়ে গ্রাহকদের এই আবেদন করতে হচ্ছে। আবেদন যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শেষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের টাকা পরিশোধের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। ব্যাংক কর্মকর্তারা গ্রাহকদের যথাযথভাবে স্বাগত জানাচ্ছেন এবং নির্ধারিত নিয়ম মেনেই আবেদন গ্রহণ করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা তাঁদের চলতি ও সঞ্চয়ী হিসাবের পাশাপাশি মেয়াদি আমানতের মূল টাকা উত্তোলনের সুযোগ পাবেন। তবে এই প্রক্রিয়ায় আমানতের বিপরীতে অর্জিত বা প্রাপ্য মুনাফা পাওয়া যাবে না। কোনো গ্রাহক যদি তাঁর মূল টাকা তুলে নেন, তবে সেটিকে সেই আমানতের পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য করা হবে। এছাড়া হস্তান্তরকারী ব্যাংকের কাছে যদি ওই গ্রাহকের কোনো ঋণ বা দায়বদ্ধতা থাকে, তবে টাকা ফেরতের আগে আমানতের অর্থ থেকে তা সমন্বয় করে নেওয়া হবে।
যেসব গ্রাহক এখনই আমানত তুলবেন না, তাঁরা চাইলে হিসাব চালু রাখতে পারবেন এবং চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পাওয়ার সুযোগ পাবেন। তবে মেয়াদি আমানতের ক্ষেত্রে মেয়াদপূর্তির আগে টাকা তুললে মূল টাকা পাওয়া গেলেও কোনো মুনাফা দেওয়া হবে না। তবে আংশিক টাকা তুললে অবশিষ্ট অর্থের ওপর নিয়ম অনুযায়ী মুনাফা পাওয়ার সুযোগ বহাল থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২