
সরকার, বাংলাদেশ ব্যাংক কিংবা সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে কোনো আইনি মামলা চলমান থাকলে, সেই গ্রাহককে আর কোনো প্রকার প্রণোদনা বা নীতি সহায়তা প্রদান না করার কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। গত সোমবার (১৭ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক থেকে এই নতুন নির্দেশনাটি প্রদান করা হয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা পুনর্গঠন, আর্থিক খাতের প্রত্যাশিত পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বিভিন্ন প্রণোদনা ও নীতি সহায়তা দিয়ে আসছে। তবে দেখা যাচ্ছে, অনেক গ্রাহক একদিকে এসব সুবিধা গ্রহণ করছেন, আবার অন্যদিকে সরকার, বাংলাদেশ ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে রিট পিটিশনসহ বিভিন্ন মামলা চালিয়ে যাচ্ছেন। এই দ্বিমুখী অবস্থানের কারণে আর্থিক খাতে অযাচিত মামলাজট তৈরি হচ্ছে।
নতুন নির্দেশনায় ফাইন্যান্স কোম্পানিগুলোকে বলা হয়েছে, এখন থেকে কোনো গ্রাহকের করা মামলা অনিষ্পন্ন থাকলে, তা প্রত্যাহারের শর্ত সাপেক্ষে প্রণোদনা প্যাকেজসহ অন্যান্য নীতি সহায়তার আবেদন বিবেচনা করতে হবে। অর্থাৎ, কোনো গ্রাহকের আবেদন পর্যালোচনা করে ফাইন্যান্স কোম্পানি নীতিগত সম্মতি দিলেও, গ্রাহককে প্রথমেই সংশ্লিষ্ট মামলা প্রত্যাহারের ব্যবস্থা করতে হবে। মামলা প্রত্যাহারের পর গ্রাহককে প্রত্যাহার করা মামলার তালিকা সম্বলিত একটি হলফনামা জমা দিতে হবে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে সরকার, বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে তার আর কোনো মামলা অনিষ্পন্ন নেই।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে যে, গ্রাহকের কাছ থেকে হলফনামা পাওয়ার পর ফাইন্যান্স কোম্পানি আর প্রণোদনা বা নীতি সহায়তার শর্ত পরিবর্তন করতে পারবে না। নীতিগত সম্মতিতে যেসব সুবিধার কথা উল্লেখ থাকবে, সেগুলোই কার্যকর করতে হবে। ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১ ধারায় প্রাপ্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক অবিলম্বে কার্যকর হওয়ার জন্য এই নির্দেশনা জারি করেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২