
দেশের অভ্যন্তরে সাধারণ মানুষের কেনাকাটায় ক্রেডিট কার্ডের ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এক বছরের ব্যবধানে ক্রেডিট কার্ডে খরচের পরিমাণ প্রায় ৪৫ শতাংশ বেড়েছে। গত বছরের জুলাই মাসে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডধারীরা কেনাকাটা ও বিল পরিশোধে ৩ হাজার ৮৪ কোটি টাকা খরচ করেছিলেন, যা চলতি বছরের জুন মাসে বেড়ে ৪ হাজার ৪৬১ কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরে এই খাতে ব্যয় বেড়েছে ১ হাজার ৩৭৭ কোটি টাকা।
অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দীর্ঘ সময় ধরে চলা উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে, কিন্তু সেই তুলনায় আয় বাড়েনি। ফলে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষ জীবনযাত্রার জরুরি খরচ মেটাতে তাৎক্ষণিক সমাধান হিসেবে ক্রেডিট কার্ডের ঋণের ওপর নির্ভর করছেন। ব্যাংকগুলো ক্রেডিট কার্ডে বিভিন্ন সুবিধা ও অফার দেওয়ায় এর ব্যবহার আরও জনপ্রিয় হচ্ছে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, দেশে নগদবিহীন লেনদেনের প্রসার এবং কার্ডের মাধ্যমে বিভিন্ন সুবিধা পাওয়ার কারণেও এর ব্যবহার বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ক্রেডিট কার্ডের ব্যয়ের একটি বড় অংশ ব্যয় হচ্ছে ডিপার্টমেন্ট স্টোরগুলোতে। গত জুন মাসে দেশে ক্রেডিট কার্ডে হওয়া মোট ব্যয়ের ৫১ শতাংশ বা ২ হাজার ২৭৩ কোটি টাকা খরচ হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট স্টোরে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭১ কোটি টাকা খরচ হয়েছে বিভিন্ন খুচরা বিক্রয়কেন্দ্রে। মে মাসে এই দুই খাতে মোট ২ হাজার ৫৫০ কোটি টাকা ব্যয় হলেও জুন মাসে তা বেড়ে ২ হাজার ৭৪৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ এক মাসের ব্যবধানে শুধু কেনাকাটাতেই ব্যয় বেড়েছে প্রায় ২০০ কোটি টাকা।
দেশের পাশাপাশি বিদেশেও বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারের প্রবণতা ঊর্ধ্বমুখী। গত মে মাসে বিদেশে ক্রেডিট কার্ডে ৪২৫ কোটি টাকা খরচ হলেও জুন মাসে তা বেড়ে ৫৫৩ কোটি টাকায় পৌঁছেছে। এক মাসের ব্যবধানে বিদেশের মাটিতে বাংলাদেশিদের খরচ বেড়েছে ১২৮ কোটি টাকা। বিদেশের মাটিতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন যুক্তরাষ্ট্রে; জুন মাসে সেখানে ৮৫ কোটি টাকা ব্যয় হয়েছে। এর পরেই রয়েছে থাইল্যান্ড, যেখানে জুন মাসে খরচ হয়েছে ৫৮ কোটি টাকা।
এদিকে, ক্রেডিট কার্ডধারী গ্রাহকের সংখ্যাও ধারাবাহিকভাবে বাড়ছে। মে মাসের তুলনায় জুন মাসে নতুন করে প্রায় সাড়ে ৮ হাজার ক্রেডিট কার্ড যুক্ত হয়েছে, যার ফলে জুন শেষে দেশে মোট কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ ৫০ হাজার ৫১৩টিতে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২