
রাজধানীর গুলশান-২ এলাকার ১০৪ নম্বর সড়কের ২৪ নম্বর বাসায় অবস্থিত ‘সেভেনটি এইট রেস্টহাউজ সোসাইটি’ নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪৪ লিটার অবৈধ বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার রাতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের পাশাপাশি মো. আতাউর রহমান শামীম (৪২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএনসি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি কোনো ধরনের বার লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদেশি মদ মজুত রেখে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। ‘জার্মান ক্লাব’ নামে পরিচিত এই প্রতিষ্ঠানের কোনো বৈধ অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি। অভিযানকালে রেস্টহাউজ থেকে ২২৩ বোতলে ১৭৭ লিটার বিদেশি মদ এবং ২০৯টি বোতল ও ক্যান থেকে ৬৭ লিটার বিয়ার উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আতাউর রহমান শামীম ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযানে তার কাছে জব্দ করা মদের বৈধতার বিষয়ে কোনো প্রমাণ চাওয়া হলে তিনি তা উপস্থাপন করতে ব্যর্থ হন। এছাড়া প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট মো. ওমর জামিল নামে অপর একজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে, যিনি ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাকে পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
তদন্তে উঠে এসেছে যে, রেস্টহাউজটিতে টিকিট বিক্রির মাধ্যমে ডিজে পার্টির আয়োজন করা হতো এবং আগতদের কাছে অবৈধভাবে বিভিন্ন ধরনের মাদক সরবরাহ করা হতো। ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মোল্লার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ডিএনসির প্রধান কার্যালয় ও বিভিন্ন জোনের কর্মকর্তারা অংশ নেন।
শুক্রবার ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান জানান, গ্রেপ্তার আতাউর রহমান শামীম, পলাতক ওমর জামিল এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ২৪(গ) ও ৪১ ধারায় গুলশান থানায় মামলা করা হয়েছে। তিনি আরও জানান, অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে ডিএনসির গোয়েন্দা নজরদারি ও অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। বর্তমানে জব্দ করা আলামত ও রাসায়নিক পরীক্ষার নমুনা ডিএনসির হেফাজতে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২