
রাজধানীর উত্তরা পূর্ব থানা পুলিশ ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শনিবার (৩ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাসেল মাহবুব ওরফে মাছুম (৪২), সোহেল মির্জা (৪১) এবং মো. সজিব (৩৬)।
পুলিশ জানায়, গত শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একটি কল পাওয়ার পর উত্তরা পূর্ব থানার একটি টহল দল উত্তরা ৪ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের একটি ভবনের দশম তলার ফ্ল্যাটে অভিযান চালায়। সেখানে গিয়ে পুলিশ দেখতে পায় যে, অভিযুক্ত ব্যক্তিরা ফ্ল্যাটের মালিক কাইয়ুম শাহরিয়ার জাহেদীকে নিজেদের ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দিয়ে তার বিরুদ্ধে মামলা থাকার ভয় দেখাচ্ছেন।
এক পর্যায়ে মামলা নিষ্পত্তি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা ভুক্তভোগীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ভয় পেয়ে জাহেদী তাদের ১ লাখ ৫৯ হাজার টাকা প্রদান করেন। তবে ওই ব্যক্তিদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তিনি ৯৯৯-এ ফোন করে সহায়তা চান।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্তদের একজনের কাছ থেকে ডিজিএফআইয়ের একটি পরিচয়পত্র জব্দ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজির কথা স্বীকার করেন। এ সময় তাদের কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র, একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, ১ লাখ ৫৯ হাজার টাকা, একটি ওয়াকিটকি এবং এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২