
দেশের টেলিযোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, আধুনিকায়ন এবং সবার জন্য উন্নত মানের যোগাযোগসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রকৌশলীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে টেলিযোগাযোগ অধিদপ্তরে ২৭তম বিসিএস টেলিযোগাযোগ ক্যাডারে যোগদানকৃত সহকারী বিভাগীয় প্রকৌশলীদের সঙ্গে আয়োজিত এক পরিচিতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে টেলিযোগাযোগ ব্যবস্থা যেকোনো দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। বাংলাদেশ দ্রুত ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং এই অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে আধুনিক প্রযুক্তিনির্ভর টেলিযোগাযোগ অবকাঠামো ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি।
যোগদানকৃত প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, সরকারি দায়িত্ব কেবল একটি চাকরি নয়, বরং এটি জনগণের সেবা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, পেশাদারিত্ব, জবাবদিহি এবং দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা ও জ্ঞান নিয়মিত সমৃদ্ধ করার জন্যও তিনি আহ্বান জানান।
ফকির মাহবুব আনাম আরও বলেন, টেলিযোগাযোগ খাতের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে উন্নত ও নিরবচ্ছিন্ন যোগাযোগসেবা পৌঁছে দিতে হবে। নতুন প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগিয়ে সাশ্রয়ী, মানসম্মত ও জনবান্ধব সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
সভার শুরুতে মন্ত্রী টেলিযোগাযোগ অধিদপ্তরে অবস্থিত সাইবার থ্রেট ডিটেকশন এন্ড রেসপন্স (সিটিডিআর) সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া সভায় নবনিযুক্ত প্রকৌশলীরা নিজেদের পরিচয় তুলে ধরার পাশাপাশি টেলিযোগাযোগ খাতের উন্নয়নে তাদের প্রত্যাশা ও কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ হোসেন (পিএইচডি) সভায় সভাপতিত্ব করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২