
আগামীকাল শনিবার (১৫ আগস্ট) ঘিরে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতা ও সহিংসতা ঠেকাতে ৯ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৫ আগস্টকে কেন্দ্র করে পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তাবলয়ের আওতায় আনা হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা মোকাবিলা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা এবং মহানগরীর সব প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা। এছাড়া ডিবি ও সিটিটিসির সদস্যদের অপারেশনাল কার্যক্রমে মোতায়েন রাখা হবে। গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং কে-নাইন ইউনিট দিয়ে সুইপিং কার্যক্রম চালানো হবে।
গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে এবং এসব এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে। সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম ও তথ্য সংগ্রহ চালিয়ে যাবেন। পাশাপাশি নিরাপত্তা জোরদারে অতিরিক্ত র্যাব ও সিআইডি টিম মোতায়েন থাকবে।
জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত ও মোতায়েন রাখা হবে। নিয়মিত মোতায়েনের বাইরে অতিরিক্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন, শপিংমলসহ বিভিন্ন সংবেদনশীল এলাকায় দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপির সব ঊর্ধ্বতন কর্মকর্তা মাঠপর্যায়ে অবস্থান করে নিজ নিজ এলাকার নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে তদারকি করবেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২