
রাজধানীর পার্শ্ববর্তী এলাকা কেরানীগঞ্জে একটি অভিনব ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। সীমান্তবর্তী অঞ্চল থেকে মাদক আনার পরিবর্তে সরাসরি ঘরে বসেই রাসায়নিক পাউডার ও যন্ত্রপাতির মাধ্যমে ইয়াবা তৈরি করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল গত বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটের দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন মধ্যচর দক্ষিণ বালুরচর এলাকায় অভিযান চালিয়ে এই আস্তানার সন্ধান পায়।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৫ লাখ ৯০ হাজার ৪০০ টাকা মূল্যের প্রায় ১ হাজার ৯৬৮ পিস তৈরি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। পাশাপাশি ইয়াবা তৈরির বিভিন্ন রাসায়নিক পাউডার, ইয়াবার আকৃতি দেওয়ার ডায়াস, একটি ম্যানুয়াল প্রেস মেশিন, একটি সূক্ষ্ম ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তারা হলেন— বংশাল চাঙ্গেরপুল এলাকার মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), মোহাম্মদপুর বাবর রোড এলাকার মো. আলী আরমান (৩৬), সাভারের মো. কাশেমের ছেলে মো. শাহজাহান (৪০) এবং আদাবর রিংরোড এলাকার মৃত শফিকের মেয়ে সোনিয়া (৩০)। শুক্রবার কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, আটককৃতদের মূল পরিকল্পনা ছিল সীমান্ত দিয়ে আসা মাদকের ওপর নির্ভর না করে নিজেরাই রাসায়নিক সংমিশ্রণে নকল ইয়াবা উৎপাদন করা। চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে কেমিক্যাল ও পাউডার সংগ্রহ করে দুর্গম এই আস্তানায় ইয়াবা তৈরি করে ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে সরবরাহ করে আসছিল। চক্রটির অন্যতম হোতা আলমগীর ওরফে ‘আন্ডে’ একজন চিহ্নিত অপরাধী, যার বিরুদ্ধে রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় অন্তত তিনটি মাদক মামলা রয়েছে।
আটককৃত চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে এই চক্রের পেছনে অন্য কোনো গডফাদার বা কেমিক্যাল সরবরাহকারী জড়িত রয়েছে কি না, তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে র্যাব।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২