
ঝালকাঠি শহরের সরকারি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠাভ্যাস ও পঠনদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী ‘পড়া-খেলা উৎসব-২০২৬’। বুধবার দুপুরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘রুম টু রিড’-এর সহযোগিতায় আয়োজিত এই উৎসবে বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
উৎসবের পরিবেশ ছিল প্রাণবন্ত; শিক্ষার্থীরা কেউ বই পড়ছে, কেউ জাতীয় সংগীত গাইছে, আবার কেউ নৃত্য বা আবৃত্তি পরিবেশন করছে। এছাড়া শরীর চর্চার প্রদর্শনীও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। আয়োজকদের মতে, খেলার ছলে শিশুদের শেখার পরিবেশ তৈরি করা এবং অভিভাবকদের বই পড়ার প্রতি উৎসাহিত করাই এই উৎসবের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী। তিনি শিক্ষার্থীদের পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, পড়াশোনার পাশাপাশি নাচ-গান ও আবৃত্তির মতো সৃজনশীল কাজে শিশুদের সম্পৃক্ত করা একটি চমৎকার উদ্যোগ। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে নানা কারণে অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে, তবে এমন আনন্দময় পরিবেশ বজায় থাকলে শিশুরা প্রতিদিন স্কুলে আসতে আগ্রহী হবে এবং ঝরে পড়ার হারও কমে আসবে। তিনি প্রতিটি বিদ্যালয়ে এ ধরনের উদ্যোগ চালুর প্রত্যাশা ব্যক্ত করেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়ার পাশাপাশি খেলার সুযোগ করে দেওয়ার এই উদ্যোগটি তিনি আগে কোনো স্কুলে দেখেননি। তিনি নিশ্চিত করেন যে, তাদের বিদ্যালয়ে শুরু হওয়া এই কর্মযজ্ঞ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম মজুমদার এবং পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট দীনা ইয়াসমিন উপস্থিত ছিলেন। এছাড়া রুম টু রিডের ব্যবস্থাপক কামাল হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম আল মামুন, প্রাথমিক শিক্ষক সমিতির সদর উপজেলা শাখার সদস্যসচিব রফিকুল ইসলামসহ শিক্ষক ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন। উল্লেখ্য, ২০০০ সালে যাত্রা শুরু করা রুম টু রিড ২০০৯ সাল থেকে বাংলাদেশে শিশুদের পঠনদক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২