
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালসিন গ্রামের বাসিন্দা ১৪ বছর বয়সী কিশোর তানজিল হোসেন গত দুই মাস ধরে শয্যাশায়ী অবস্থায় দিন কাটাচ্ছে। সে স্থানীয় দিনমজুর সোহেল সরকার ও তাছলিমা খাতুন দম্পতির সন্তান। প্রায় দুই মাস আগে অন্যের বাড়িতে দিনমজুর বা রাখালের কাজ করতে গিয়ে ঘাড়ের হাড় ভেঙে তানজিল গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
তানজিলের বাবা সোহেল সরকার তার সামান্য আয়ে প্রাথমিক চিকিৎসা করালেও উন্নত চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। অর্থের অভাবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসা করাতে না পেরে তানজিলের শারীরিক অবস্থার দিন দিন অবনতি ঘটছে। বিছানায় ছটফট করা সন্তানকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন তার অসহায় মা-বাবা।
তানজিলের মা তাসলিমা খাতুন বলেন, দিন এনে দিন খাই, সংসার চালাতেই হিমশিম খেতে হয়। তার ওপর ছেলের এই অসুস্থতা আমাদের পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে পারছি না।
প্রতিবেশী ইঞ্জিনিয়ার মজিবুর রহমান জানান, তানজিল মাদ্রাসায় লেখাপড়া করতো। তাদের পারিবারিক অসচ্ছলতার কারণে চিকিৎসার খরচ জোগানো সম্ভব হচ্ছে না। তিনি নিজেও সাধ্যমতো সহায়তা করেছেন এবং সরকারের পাশাপাশি সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. হাফিজুল ইসলাম বলেন, সমাজসেবা অধিদপ্তর থেকে তানজিলের জন্য ইতিমধ্যে একটি প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে। তিনি সরেজমিনে পরিদর্শন করে আরও কোনো সহযোগিতা করা যায় কিনা তা দেখবেন বলে জানিয়েছেন।
তানজিলের পরিবারের সাথে যোগাযোগের জন্য তার বাবা সোহেল রানার মোবাইল নম্বর ০১৭৪১০১১৬৫৪ (বিকাশ)।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২