
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কড়ইচুড়া ইউনিয়নের মোমেনাবাদের বাসিন্দা কাশফিয়া জান্নাত কুহু আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬ এর জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছে। ‘শিশুদের নোবেল’ হিসেবে পরিচিত এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ২৯৮ জনকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে, যার মধ্যে বাংলাদেশ থেকে মনোনীত হয়েছেন ৪২ জন।
শিক্ষক দম্পতি কাইয়ুম হিলালী মাইকেল ও শিউলী খাতুনের সন্তান কাশফিয়া ঢাকায় পড়াশোনা করলেও নিজের শেকড়ের সাথে নিবিড় যোগাযোগ বজায় রেখেছে। শিশু অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, লিঙ্গ সমতা এবং সামাজিক সচেতনতা তৈরিতে তার সক্রিয় ভূমিকার জন্য সে আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেয়েছে। কিডস রাইটসের ২০২৬ সালের মনোনয়ন প্রোফাইল অনুযায়ী, গ্রামাঞ্চলে বেড়ে ওঠার সময় বাল্যবিয়ের শিকার হওয়া এবং সুযোগ থেকে বঞ্চিত হওয়া মেয়েদের দেখে কাশফিয়া এই কাজে উদ্বুদ্ধ হয়।
গত এক বছরে কাশফিয়া ব্যক্তিগতভাবে বেশ কয়েকটি বাল্যবিয়ে বন্ধে সরাসরি হস্তক্ষেপ করেছে এবং স্কুল থেকে ঝরে পড়া শিশুদের পুনরায় শিক্ষার সুযোগ তৈরিতে সহায়তা করেছে। এছাড়া উঠান বৈঠক ও স্থানীয় সেমিনারের মাধ্যমে লিঙ্গ সমতা ও জলবায়ু ন্যায়বিচার নিয়ে সে কাজ করছে। শিশু সাংবাদিক হিসেবেও সে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাধ্যমে নিয়মিত শিশু অধিকার, বাল্যবিবাহের ক্ষতিকর দিক ও সামাজিক বৈষম্যের মতো সংবেদনশীল বিষয় নিয়ে প্রতিবেদন তৈরি করে আসছে। ২০২৬ সালের একটি প্রতিবেদনে সে বাল্যবিয়ে প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগের প্রয়োজনীয়তা নিয়েও আলোকপাত করেছে।
উল্লেখ্য যে, কাশফিয়া এর আগে ২০২৫ সালেও একই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। তার বড় বোন কারিমা ফেরদৌসী কেকাও একইভাবে শিশু অধিকার ও সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে যুক্ত থাকায় মাদারগঞ্জের নাম আন্তর্জাতিক পরিসরে আলোচিত হয়েছে। এবার কাশফিয়ার সাথে হ্যালো ডট বিডিনিউজের আরও ছয়জন শিশু সাংবাদিক—অরণ্য আবীর খান প্রাপ্য, ফারাবি জাবিন সায়েরী, জয়া বণিক, সুদীপ্ত দেবনাথ, মুশফিকুর রহমান ও জামিউল হাসান আরাফ—এই পুরস্কারের প্রাথমিক তালিকায় স্থান পেয়েছেন।
নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা কিডস রাইটস ২০০৫ সাল থেকে এই পুরস্কার প্রদান করে আসছে, যেখানে প্রতিবছর একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বিজয়ীর হাতে সম্মাননা তুলে দেন। ২০২০ সালে বাংলাদেশের নড়াইলের সাদাত রহমান সাইবার বুলিং প্রতিরোধে কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার অর্জন করেছিলেন, যিনি নিজেও একসময় হ্যালোর শিশু সাংবাদিক ছিলেন।
শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ৭ শিশু সাংবাদিকের মধ্যে কাশফিয়া জান্নাত কুহুও রয়েছে।
২০২৬ সালের এই পুরস্কারের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাথমিকভাবে ২শ ৯৮জনকে মনোনয়ন দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২