
গাজীপুরের শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু শিক্ষকদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, শিক্ষকদের বিরুদ্ধে কোনো ধরনের হয়রানিমূলক বা মিথ্যা মামলা করতে দেওয়া হবে না। গত ৫ আগস্টের পর শ্রীপুরে ২৯ জন শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের তথ্য উল্লেখ করে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। শিক্ষকদের কোনো ধরনের অসুবিধা হতে দেবেন না উল্লেখ করে তিনি শিক্ষকদের দায়িত্বশীলতার প্রশংসা করেন।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমে একটি আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। এরপর বেলা ১১টায় শ্রীপুর উপজেলা হলরুমে শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে আলোচনা সভা ও বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গত এক বছরে অবসরে যাওয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২ জন শিক্ষক ও কর্মচারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা আট শতাধিক শিক্ষক-কর্মচারী এই আয়োজনে অংশ নেন।
শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবদুল হান্নান সজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাজমুল মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি শিক্ষকদের সমাজ পরিবর্তনের প্রেরণা ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কারিগর হিসেবে উল্লেখ করেন। এছাড়া শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতিকে একটি অরাজনৈতিক সংগঠন হিসেবেও তিনি অভিহিত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ইসলাম ভূঞা। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষক হচ্ছেন আদর্শ মানুষ গড়ার কারিগর। শিক্ষকের নাম শুনলেই মানুষের মনে স্বাভাবিকভাবেই শ্রদ্ধাবোধ তৈরি হয়। তাই শিক্ষকদের নিজেদের মধ্যেও সেই আদর্শ বজায় রাখা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরীন। এছাড়া শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমিতির সভাপতি আবদুল হান্নান সজল তাঁর বক্তব্যে ভবিষ্যতে শিক্ষক-কর্মচারীদের পেশাগত সুরক্ষা ও কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২