
ভোলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভির জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমানের বাসায় ফের চুরির ঘটনা ঘটেছে। রোববার দুপুরে শহরের কালীবাড়ি রোডের ভদ্রপাড়া এলাকার বাসায় ঢুকে আলমারি ও ওয়ারড্রব ভেঙে সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ২২ হাজার টাকা এবং একটি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল চুরি হয়েছে। এর আগে গত ৭ জানুয়ারিও একই বাসায় চুরির ঘটনা ঘটেছিল, যা পরিবারটিতে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার সকাল পৌনে ৯টার দিকে ইমতিয়াজুর রহমান ও তার স্ত্রী সাবিয়া আকতার মিম অফিসের উদ্দেশে বাংলাবাজারে যান। বাসায় থাকা ইমতিয়াজুর রহমানের মা রোকেয়া বেগম রান্নাসহ ঘরের কাজ শেষ করে সকাল সাড়ে ১১টার দিকে পাশের বাসায় থাকা ভাইয়ের বাড়িতে যান। পরে পৌনে ১টার দিকে নিজ বাসায় ফিরে তিনি দেখতে পান, দরজা ভেতর থেকে আটকানো। পেছনের দরজায় গিয়েও একই অবস্থা দেখতে পান তিনি। বিষয়টি অস্বাভাবিক মনে হলে আশপাশের লোকজনকে ডাকতে গেলে এ সময় পেছনের দরজা দিয়ে একজন ব্যক্তি বাসা থেকে বের হয়ে পালিয়ে যায় বলে রোকেয়া বেগম দাবি করেন।
পরবর্তীতে আত্মীয়-স্বজনদের নিয়ে বাসায় প্রবেশ করে দেখা যায়, ইমতিয়াজুর রহমানের কক্ষের দরজা এবং ভেতরের আলমারি ও ওয়ারড্রবের দরজাও ভাঙা। ঘরের মালামাল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পরিবারের সদস্যরা জানান, আলমারিতে রাখা দুই জোড়া কানের দুল, চারটি সোনার আংটিসহ মোট সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার, এক জোড়া রুপার পায়েল, নগদ ২২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন খোয়া গেছে। ইমতিয়াজুর রহমানের স্ত্রী সাবিয়া আকতার মিম জানান, বিয়ের সময় পাওয়া গহনাগুলো বাসাতেই রাখা ছিল।
সাংবাদিক ইমতিয়াজুর রহমান বলেন, চোরেরা আগে থেকেই বাসাটির ওপর নজর রাখছিল বলে তার ধারণা। তিনি দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় রোববার সন্ধ্যায় ভোলা সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। খবর পেয়ে ভোলা সদর মডেল থানার এসআই পলাশের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং চোরদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২