
খাগড়াছড়ির গুইমারায় আমজাদ হোসেন (৩৯) নামের এক কাঠ ব্যবসায়ীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। রোববার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে গুইমারা উপজেলার কবুতরছড়া স-মিল এলাকায় এই ঘটনা ঘটে।
আহত আমজাদ হোসেন মাটিরাঙ্গা পৌরসভার দক্ষিণ মুসলিমপাড়া এলাকার মৃত আবু সাঈদের ছেলে। বর্তমানে তিনি মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ, ঘটনার সময় তিনি কবুতরছড়া স-মিলের পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় ইউপিডিএফের সংগ্রাহক (কালেক্টর) হিসেবে পরিচিত ব্রিটিশ ত্রিপুরা সেখানে এসে প্রথমে তাঁর কাছে ১০০ টাকা চান। সেই টাকা দেওয়ার কিছুক্ষণ পর ব্রিটিশ ত্রিপুরা আবারও এসে ৫ হাজার টাকা দাবি করেন।
আমজাদ হোসেন ওই চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তাঁর কাছে থাকা নগদ সাড়ে ৯ হাজার টাকা এবং ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয়। মারধরের চোটে তিনি অচেতন হয়ে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
মাটিরাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন আমজাদের শারীরিক অবস্থা সম্পর্কে কর্তব্যরত চিকিৎসক সাকিব জানান, গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়েছে। তাঁর পিঠে আঘাতের চিহ্ন রয়েছে এবং বর্তমানে তিনি ঠিকমতো কথা বলতে পারছেন না। তবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে এবং আপাতত তিনি আশঙ্কামুক্ত আছেন।
এদিকে, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাওয়ার্দী জানান, ঘটনাটি সম্পর্কে তিনি এখনও অবগত নন। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২