
পটুয়াখালী পৌর শহরের নতুন বাজার এলাকায় একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে জাহিদ হাসান নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় রাজা মিয়া প্লাজা মার্কেটের ‘মোবাইল হসপিটাল’ নামক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।
গত রোববার (৪ অক্টোবর) পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টার দিকে নতুন বাজার এলাকার রুস্তম পণ্ডিতের গলিতে মাহফুজা বেগমের বসতবাড়িতে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ব্যবসায়ী জাহিদ হাসানের নেতৃত্বে সাতজনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় বাধা দিতে গেলে হামলাকারীরা লোহার রড দিয়ে পিটিয়ে গৃহবধূ মাহফুজা বেগমের পা ভেঙে দেয়। হামলায় পরিবারের অন্য সদস্যরাও আহত হন।
গুরুতর আহত মাহফুজা বেগমকে প্রথমে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান। মামলায় দাবি করা হয়েছে, হামলাকারীরা ঘর থেকে নগদ ৫০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ সেপ্টেম্বর মোবাইল ফোন সংক্রান্ত একটি বিষয় নিয়ে জাহিদ হাসানের সঙ্গে মাহফুজা বেগমের ছেলে রায়হান ইসলামের কথা-কাটাকাটি হয়েছিল। সেই বিরোধের জের ধরেই এই পরিকল্পিত হামলা চালানো হয়।
মামলার বাদী ও ভুক্তভোগীর স্বামী রিয়াজ হাওলাদার জানান, ঘটনার সময় তিনি ব্যবসার কাজে বাইরে ছিলেন। ফিরে এসে স্ত্রী, ছেলে ও মেয়েকে রক্তাক্ত ও জখম অবস্থায় দেখতে পান। পেশায় সাধারণ সবজি বিক্রেতা রিয়াজ এই নৃশংস হামলার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। এর আগে গত ২ অক্টোবর তিনি বাদী হয়ে পটুয়াখালী আদালতে মামলাটি দায়ের করেন।
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবার থানায় এলে পুলিশ তাদের প্রয়োজনীয় আইনি সহায়তা দিয়েছিল। পরে তারা আদালতে মামলা করেন। আদালতের নির্দেশ পাওয়ার পর মামলার প্রধান আসামি জাহিদ হাসানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২