
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় চরাঞ্চলের ভূমি মালিক ও কৃষকদের ওপর চলা নির্যাতন, চাঁদাবাজি এবং ভূমিদস্যুতার প্রতিবাদে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার খায়েরহাট বাজার সংলগ্ন খায়ের পাট হাইস্কুল প্রাঙ্গণে ‘ভূমি মালিক ও কৃষক ঐক্য পরিষদ, ভোলা’-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় বঞ্চিত ও নির্যাতিত কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মোবাশ্বের উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা চরাঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, দেশের স্বৈরশাসনের অবসানের লক্ষ্যে ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা জীবন বাজি রেখে লড়াই করেছেন। শত শত মানুষের প্রাণহানি ও হাজার হাজার মানুষের আহত হওয়ার বিনিময়ে সরকার পরিবর্তন হলেও চরাঞ্চলের প্রান্তিক কৃষকদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। নতুন বাংলাদেশে জুলুম ও নির্যাতন বন্ধের প্রত্যাশা থাকলেও ভূমিদস্যু ও চাঁদাবাজদের দৌরাত্ম্য এখনো অব্যাহত রয়েছে বলে তারা অভিযোগ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন ফরিদ আহম্মেদ তালুকদার, মোঃ আবদুর রহমান সবুজ, ইয়াছিন আলম বাবুল চৌধুরী, ফখরুল ইসলাম মীর, মাসুম বিল্লাহ মাতাব্বর, নাসির উদ্দিন তারেক ও ফখরুল ইসলামসহ স্থানীয় কৃষক নেতারা। তারা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, চরাঞ্চলের ভূমি মালিকদের বঞ্চিত করা যাবে না এবং কৃষকের ফসল নিয়ে কোনো তৃতীয় পক্ষের মাতাব্বরি সহ্য করা হবে না।
কৃষকদের মৌলিক অধিকার ও জমি রক্ষার স্বার্থে গঙ্গাপুর, কোড়ালিয়া, সাকুচিয়া, বালিয়া, বাগমারা, চর লতিফ, টেংড়ার চর ও শরীফাবাজসহ বিভিন্ন মৌজার ভূমি মালিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে খায়ের পাট হাইস্কুল প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। একই সঙ্গে চরাঞ্চলে চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অবিলম্বে বন্ধে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেন অংশগ্রহণকারীরা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২