
‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, উদ্যোক্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদার সভাপতিত্বে আয়োজিত এই সভায় বক্তারা বলেন, কৃষি, পোল্ট্রি-হ্যাচারি, শিল্প ও সেবা খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার কোনো বিকল্প নেই। কর্মক্ষেত্রে সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও সময়ানুবর্তিতার চর্চা বাড়ালে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে ইউএনও সাইফুল হুদা বলেন, জাতীয় উৎপাদনশীলতা বাড়ানো ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি প্রত্যেককে নিজ নিজ কর্মক্ষেত্রে নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ও উপজেলা পোল্ট্রি হ্যাচারি মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ছিদ্দিক মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, তরুণ উদ্যোক্তা ফারদিন, পোল্ট্রি ব্যবসায়ী আজাহার উদ্দিন, নারী উদ্যোক্তা জাসমা মাহবুব এবং উপজেলা জেলে সংগঠনের সভাপতি আসলামসহ অনেকে।
আলোচনা সভায় তরুণ প্রজন্মকে দক্ষতা উন্নয়নে উৎসাহিত করার পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানে কাজের মান বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। আয়োজকরা জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল স্থানীয় পর্যায়ে উৎপাদনশীলতা বৃদ্ধির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরি করা এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২