
সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে দুর্যোগ-পূর্ব প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার রমজাননগর ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন টেংরাখালী লাটু মেম্বারের মাঠ প্রাঙ্গণে এই মহড়ার আয়োজন করা হয়।
ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় এবং ‘উত্তরণ’-এর বাস্তবায়নে ‘অর্গানাইজেশনাল রেডিনেস অ্যান্ড ডিজাস্টার রিস্ক ফাইন্যান্সিং ফর আর্লি অ্যাকশন অ্যান্ড রেসপন্স টু হিউম্যানিটারিয়ান ক্রাইসিস’ প্রকল্পের আওতায় এই কর্মসূচি পরিচালিত হয়। মহড়াটিতে দুর্যোগের আগে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং সমন্বিতভাবে দুর্যোগ মোকাবিলার বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়। এছাড়া স্থানীয় পর্যায়ে প্রস্তুতি গ্রহণ এবং মানবিক সংকটে কার্যকর সাড়া প্রদানের সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
রমজাননগর ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টুর সভাপতিত্বে মাঠ মহড়াটি সঞ্চালনা করেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী পার্থ কুমার দে। এতে সিপিপি সদস্য রফিকুর জামান মুন্নাসহ স্থানীয় প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, একই প্রকল্পের আওতায় এর আগে গত ২৭ সেপ্টেম্বর চাঁদনিমুখা ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে এবং ২৯ সেপ্টেম্বর কৈখালী ইউনিয়নের এস আর এস মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দুর্যোগের আগাম প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছিল। ওইসব অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২